নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা এবং দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় শান্তিগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শান্তিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সামিউল কবিরের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মান্নার মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন প্রেস ক্লাবের সহ-সভাপতি কাজী ছাদিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক মো. নুরুল হক, অর্থ সম্পাদক আতিকুর রহমান রুয়েব, নির্বাহী সদস্য আবুল কালাম, দিলীপ কুমার দাশ, আবিদ উদ্দিন ও ইমরানুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সহ-সভাপতি শফিকুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক উসমান গনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবু খালেদসহ স্থানীয় সচেতন ব্যক্তিরা।
প্রতিবাদ সভায় সাংবাদিকদের ওপর হামলা ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পেশাগত দায়িত্ব পালনের স্বাধীনতা রক্ষা করা অত্যন্ত জরুরি। বক্তারা নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসঙ্গে দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূঁইয়ার ওপর হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান। দেশব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান তারা।
