সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্তর ফেসবুক পোস্ট ঘিরে জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিজের মৃত্যুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করে একটি পোস্ট দেয়ার কিছুক্ষণ পর তা মুছে ফেলেন তিনি। এর পরপরই ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’ লিখে আরেকটি পোস্ট দেন। তবে ইউএনও দাবি করেছেন, এসিল্যান্ডের ফেসবুক পেজটি হ্যাক করা হয়নি, পোস্টটি তার স্ত্রী ডিলিট করেছে। পরে বিষয়টি তিনি জানতে পেরেছেন। তিনি বলেন, হঠাৎ এ ধাক্কাটি সামলাতে গিয়ে আমি ফেসবুক পোস্টে লিখেছিলাম এসিল্যান্ডের পেইজটি হ্যাক হয়েছে। তার পিতার মাধ্যমে জানতে পেরেছি সে মানসিকভাবে অসুস্থ।
শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ নামের পেজে পোস্ট দু’টি দেখা যায়। এর একটিতে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবে। অপর পোস্টে লেখা হয়, আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’। পরে পোস্ট দু’টি সরিয়ে ফেলা হয়। সূত্রে জানা যায়, শুক্রবার জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদকের মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে উপস্থিত ছিলেন এসিল্যান্ড শান্ত। কেক কাটার পর থেকে তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন। একপর্যায়ে ইউএনও’র নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের সঙ্গে তিনি অসদাচরণ করেন এবং তাদের গায়ে হাত তোলেন। পরে তাকে বাসায় নিয়ে যাওয়া হলে সেখানে পানির গ্লাস ভাঙচুর করেন। এরপর বাসার সামনে থাকা দুই শিশুকেও মারধর করেন তিনি। এ পরিস্থিতিতে ইউএনও জামালগঞ্জ থানার ওসিকে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এসিল্যান্ডকে নিবৃত করার চেষ্টা করে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং ঘুমের ব্যবস্থা করা হয়। রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে পাঠানো হয়। প্রথমে মাউন্ট এডোরা হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, এসিল্যান্ড তার স্ত্রীকে নিয়ে রাতে আমার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলেন। কেক কাটার পর থেকেই তিনি অস্বাভাবিক আচরণ শুরু করেন। তিনি আমার আনসার সদস্যদের গায়ে হাত তোলেন, পরে শিশুদেরও মারধর করেন। তিনি বলেন, ‘তাঁর পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে দু’টি ঘুমের ইনজেকশন দিতে হয়। কিন্তু এসব ওষুধ জামালগঞ্জের কোনো ফার্মেসিতে পাওয়া যায় না। পরে তার বাসায় গিয়ে দেখি, তিনি গ্লাস ভেঙেছেন এবং অস্বাভাবিক আচরণ করছেন। তখন বাধ্য হয়ে পুলিশ ও হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে (আরএমও) ফোন করে তাকে বাসা থেকে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করি। ইউএনও আরও বলেন, সকালে তার বাবার সঙ্গে কথা বলেছি। তার বাবা বলেছেন, কয়েক ঘণ্টা ঘুমালে তিনি ঠিক হয়ে যাবেন। তিনি কেন এমন পোস্ট দিয়েছেন, তা আমি বুঝতে পারছি না। তবে আমার ধারণা, তার ফেসবুক পেজটি হ্যাক করা হয়েছিল। জামালগঞ্জ থানার ওসি মো. বন্দে আলী বলেন, ইউএনও’র ফোন পেয়ে আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। তিনি আমাকে জানান, এসিল্যান্ড অস্বাভাবিক আচরণ করছেন। পরে আমরা গিয়ে তাকে শান্ত করি এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে ঘুমানোর ব্যবস্থা করি।
জামালগঞ্জে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য
সুনামগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
