২২ লাখ টাকার বিকল্প ফেনসিডিলসহ যুবক আটক

ফন্ট সাইজ:

নেত্রকোণায় ৫৬০ বোতল ফেনসিডিলের বিকল্প মাদক ‘ফেয়ারডিল নিউ’ সহ ফারুক মিয়া (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গতকাল দিবাগত রাত দেড়টার দিকে জেলা সদরের দিগজান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ফারুক পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোনা গ্রামের জব্বার আলীর ছেলে। এ সময় তার কাছ থেকে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মুঠোফোন জব্দ করা হয়েছে। শনিবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদে সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল সিধলী-নেত্রকোণা পাকা সড়কের দিগজান বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপ ভ্যানে থাকা ৯টি প্লাস্টিকের বস্তায় ৫৬০ বোতল ‘ফেয়ারডিল নিউ’ নামক নতুন ধরনের মাদক জব্দ করা হয়।
নতুন মাদকটি ফেনসিডিলের বিকল্প হিসেবে ব্যবহার হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ২১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা। এ ছাড়াও অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিঙ্গেল কেবিন পিকআপ ও একটি বাটনফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে নেত্রকোণা মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।