গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফুলমিয়াসহ ২ পুলিশ সদস্য আহত হয়েছে। বিষয়টি মানবজমিনকে নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথ ইউনিয়নের ধর্মখেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সুপার জানায়, গোপালগঞ্জ থানা পুলিশের চার সদস্যের একটি টিম নিয়মিত টহল দিচ্ছিল। শনিবার দুপুরের দিকে তারা রঘুনাথপুর ইউনিয়নের ধর্ম খেয়াঘাট এলাকায় গাড়ি থামিয়ে বিশ্রাম নিচ্ছিল। এ সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে হকিস্টিক ও দেশীয় অস্ত্রসহ দাঁড়িয়ে থাকা পুলিশের গাড়িতে হামলা চালায়। এ সময় পুলিশের দুই সদস্যকেও মারপিট করে।
পুলিশের ওই ২ সদস্য সামান্য আহত হয়েছে। আমরা ভিডিওতে দেখতে পেয়েছি পুলিশ সদস্যরা সেখানে দাঁড়িয়েছিল। মিছিলকারীদের কোনো প্রকার বাধাও দেয়নি। মিছিলে অংশগ্রহণকারীরা এসেই পুলিশের গাড়ি ভাঙচুরের পাশাপাশি পুলিশ সদস্যদের মারপিট করে। এতে সদর থানার উপ-পরিদর্শক ফুলমিয়াসহ দুই পুলিশ সদস্য আহত হয়। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ বলেন, সদর থানার রঘুনাথ খেয়াঘাট এলাকায় নিষিদ্ধ যুবলীগ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ছাড়া হামলাকারীদের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে গ্রেপ্তারের জন্য পুলিশের প্রথমিক অভিযান অব্যাহত রেখেছে। এই সংবাদ লেখা পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি গোপালগঞ্জ সদর থানা পুলিশ।
