মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড ও গড়পাড়া এলাকায় পৃথক তিনটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। শনিবার সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে বাস্তবায়নাধীন এসব উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেন মন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, দেশ ও জনগণের সার্বিক ভাগ্য উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমার নির্বাচনী এলাকার জনগণের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল রাস্তাগুলো পুনর্নির্মাণ ও আধুনিকায়ন করার। এ কাজের সূচনা করতে পেরে আমি আনন্দিত। মন্ত্রী আরও বলেন, সরকার উন্নয়ন কাজ দিচ্ছে, তবে এলাকার উন্নয়ন টেকসই করতে জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ঠিকাদার ঠিকমতো কাজ করছে কি না এবং কাজের গুণগত মান বজায় থাকছে কি না, সেদিকে আপনাদের নজর রাখতে হবে।
এ সময় তিনি পর্যায়ক্রমে এলাকার বাকি উন্নয়ন কাজগুলো হাতে নেয়া হবে বলে জনগণকে আশ্বস্ত করেন। বাবার স্মৃতিচারণ করে এলাকাবাসীর উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আমার বাবা এই এলাকার সার্বিক উন্নয়নের যে স্বপ্ন দেখেছিলেন এবং কাজ শুরু করেছিলেন আমি তারই রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো একে একে সম্পন্ন করার চেষ্টা করছি। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। একইসঙ্গে এই এলাকার বাকি উন্নয়ন কাজগুলো যেন সফলভাবে শেষ করতে পারি, সেজন্য আপনাদের ভালোবাসা ও সমর্থন কামনা করছি।
এলজিইডি জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রাক্কলিত ৩টি রাস্তার উন্নয়ন কাজের মোট বাজেট ৪ কোটি ৫৮ লাখ ৬৯ হাজার ৪০১ টাকা। এর মধ্যে ২ কোটি ৬৭ লাখ ৮২ হাজার টাকা ব্যয়ে বাজার থেকে তরা কালীগঙ্গা সেতু পর্যন্ত ১ হাজার ৭শ’ মিটার; ৮৬ লাখ ১৪ হাজার ৪০১ টাকা ব্যয়ে গিলন্ড কেন্দ্রীয় জামে মসজিদ থেকে গিলন্ড ঈদগাহ মাঠ পর্যন্ত ১ হাজার মিটার; এবং ১ কোটি ৪ লাখ ৭৩ হাজার টাকা ব্যয়ে গড়পাড়া ইউনিয়ন পরিষদ থেকে চান্দইর বাজার পর্যন্ত ১ হাজার ৪শ’ ৮০ মিটার সড়ক উন্নয়ন কাজের শুভ সূচনা করা হয়।
