ময়মনসিংহের ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার সকাল ৮টার দিকে হাসপাতালে গিয়ে চিকিৎসকদের অনুপস্থিতি, অপরিচ্ছন্ন পরিবেশ ও নানা অব্যবস্থাপনার চিত্র দেখতে পান। এসব অনিয়মের সত্যতা পেয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী উপস্থিতি খাতা যাচাই করে দেখতে পান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরীসহ মোট পাঁচজন চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। একই সঙ্গে হাসপাতাল প্রধানের নিয়মিত অনুপস্থিত থাকার অভিযোগ প্রসঙ্গেও বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। এ ছাড়া হাসপাতালের বহির্বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও শৌচাগার ঘুরে দেখে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। সবচেয়ে আশঙ্কাজনক বিষয় ছিল সরকারি বরাদ্দের মূল্যবান টিকা ও ভ্যাকসিন যথাযথভাবে সংরক্ষণ না করে মেঝেতে ফেলে রাখা। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে তাৎক্ষণিক সতর্ক করে সুরক্ষার নির্দেশ দেন তিনি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, হাসপাতালটিতে প্রতিদিন অনেক রোগী সেবা নিতে এলেও শয্যাসংকট, জনবল অভাব ও অপরিচ্ছন্নতায় কাঙ্ক্ষিত সেবা মিলছে না। স্বাস্থ্যসেবার মান বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথাও জানান তিনি। ৫০ শয্যার এ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। তবে শয্যাসংকট, বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব, অপরিচ্ছন্ন পরিবেশ ও সেবার মান নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের শয্যাসংখ্যা ৫০ থেকে ১৫১-তে উন্নীত করা, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল নিয়োগ এবং কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সুবিধা চালুর পরিকল্পনার কথাও জানান। পরিদর্শনকালে ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. সাদ মাহমুদ জয়সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
