সাফে বাংলাদেশ দলে নতুন মুখ রোনান-মাহি

সাফে বাংলাদেশ দলে নতুন মুখ রোনান-মাহি

ফন্ট সাইজ:

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রোনান বেঞ্জামিন সুলিভান ও মোহাম্মদ মাহি খান। দু’জনই বাংলাদেশের হয়ে খেলেছেন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে। নতুন দুই মুখকে জায়গা করে দিতে গিয়ে অবশ্য বাদ পড়েছেন আসিয়ান কাপের দলে থাকা শাকিল আহাদ তপু ও মনজুরুর রহমান মানিক। ইন্দোনেশিয়ার বিপক্ষে গোল করা ইমনও এবার প্রাথমিক দলে জায়গা পাননি।

চোট কাটিয়ে জাতীয় দলে ফিরেছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। দলে ফিরেছেন ফয়সাল আহমেদ ফাহিমও। ঘরোয়া লীগে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ ইব্রাহিম, ঈসা ফয়সাল ও সৈয়দ কাজেমশাহ। নতুন দুই মুখের মধ্যে রোনানের গল্পটা বেশ আকর্ষণীয়। গত এপ্রিলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন এই ফরোয়ার্ড। পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই জোড়া গোল করেছিলেন তিনি। ভারতের বিপক্ষে ফাইনালেও টাইব্রেকারে গোল করে দলের শিরোপা জয়ে অবদান রাখেন যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া রোনান। বর্তমানে তিনি খেলছেন সেন্ট জোসেফস হকস কলেজের হয়ে। মাহি খানের পথটা অবশ্য ভিন্ন। ইংল্যান্ডে জন্ম নেয়া এই স্ট্রাইকারও বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলেছেন। ইংল্যান্ডের নবম স্তরের ক্লাব মলটন এফসি’র হয়ে চলতি মৌসুমে সাত ম্যাচে করেছেন ৯ গোল। বয়সভিত্তিক দলে খেলার অভিজ্ঞতা ও ক্লাবের হয়ে গোল করার ধারাবাহিকতা তাকে এবার সিনিয়র জাতীয় দলের ক্যাম্পে জায়গা করে দিয়েছে। এদিকে, ইন্দোনেশিয়ায় নাইট ক্লাবে যাওয়া নিয়ে বিতর্কে জড়ানো সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রও রয়েছেন প্রাথমিক দলে। তাদের বিষয়ে তদন্ত চলছে। তদন্তে দোষী প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। তদন্ত চলার মধ্যেই দু’জনের দলে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। আজ থেকেই প্রাথমিক দল নিয়ে প্রস্তুতি শুরু করার কথা কোচ টমাস ডুলির। তবে শুরুতে হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোমসহ কয়েকজন প্রবাসী ফুটবলারকে পাচ্ছেন না এই কোচ। আগামী ৪ঠা নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। ৫ই নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ম্যাচে হামজার খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। তবে ১১ই নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার আশা করা হচ্ছে। সাফের আগে সীমিত সময়ে প্রস্তুতি শেষ করে সেরা সমন্বয় খুঁজে বের করাই এখন কোচের বড় চ্যালেঞ্জ।

বাংলাদেশের ২৮ সদস্যের প্রাথমিক দল: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ, তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জিদান আলেকজান্ডার ইউসুফ, ঈসা ফয়সাল, তারিক রায়হান কাজী, জায়ান আহমেদ, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, হৃদয়, হামজা দেওয়ান চৌধুরী, শমিত সোম, সৈয়দ কাজেম শাহ, জামাল ভূঁইয়া, ফারহান আলী ওয়াহিদ, শেখ মোরসালিন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ ফাহিম, ফাহামিদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, শুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রোনান বেঞ্জামিন সুলিভান ও মাহি খান।