দীর্ঘ সাড়ে তিন বছরের বিরতি কাটিয়ে টেস্ট ক্রিকেটে ফিরলেও তা দীর্ঘস্থায়ী হলো না। কুঁচকির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার পেসার আনরিখ নরকিয়া। তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা থাকায় মঙ্গলবার কেপটাউনে শুরু হতে যাওয়া শেষ ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সেন্ট জর্জেস পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে নিজের চতুর্থ ওভার করার সময় মাঠ ছাড়েন নরকিয়া। ক্যারিয়ার জুড়ে ইনজুরির ইতিহাস থাকায় তাকে এই ম্যাচে খেলানো নিয়ে কিছুটা ঝুঁকি ছিল বলে ম্যাচ শেষে স্বীকার করেন অধিনায়ক টেম্বা বাভুমা। নরকিয়াকে ঠিক কতোদিন মাঠের বাইরে থাকতে হবে, তা এখনো নিশ্চিত নয়। তবে ক্রিকইনফোর প্রাথমিক প্রতিবেদনে চোটের শঙ্কা কিছুটা কম বলে জানানো হয়েছে। শেষ টেস্টের একাদশে তার বদলি হিসেবে বিবেচনায় আছেন- জেরাল্ড কোয়েৎজি, করবিন বশ ও ডেন প্যাটারসন। এদিকে, নরকিয়া ছাড়াও দলের অন্য চোটাক্রান্ত খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করছে টিম ম্যানেজমেন্ট। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে আগামী মাসে লুঙ্গি এনগিডির ফেরার সম্ভাবনা রয়েছে। একই চোট থেকে ফিরে সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং করেন ওটনিয়েল বার্টম্যান।
