ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ৩ জন নিহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ও ১৬ জন। গত শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বাসটির সুপারভাইজার রোকনুজ্জামান রঞ্জু (৫৫), হেলপার চঞ্চল (৩২)। নিহত অপরজন বাসটির যাত্রী সালাউদ্দিন আহমেদ সাকিব (৩৫)। তাদের সবার বাড়ি চুয়াডাঙ্গায়। শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্র জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী দর্শনা পরিবহনের একটি বাস পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বাসটি এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে সার্ভিসলেন অতিক্রম করে প্রায় আড়াইশ’ ফুট দূরে গিয়ে খাদে পড়ে যায়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ শুরু করে। এ সময় আহতাবস্থায় ১১ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
৫ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ভোরে বাসটি উদ্ধার করার পর ৩ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহতরা হলেন- হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০) ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪), বোরহান উদ্দিন (৫৫)। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, নিহতদের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। হাঁসাড়া হাইওয়ে থানার সোহেল রানা বলেন, লাশ তিনটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
