ফেনীর ছাগলনাইয়ায় আবদুল হক (৪৫) নামে এক চালককে কুপিয়ে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করেছের দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার পাঠাননগর ইউনিয়নের বাংলাবাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে শনিবার ভোর ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই চালকের মৃত্যু হয়।
নিহত আবদুল হক উপজেলার মাটিয়াগোদা গ্রামের মৃত ওসমান হাওলাদারের ছেলে। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার চালাতেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে পরিবারটি। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বাজার থেকে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি যাত্রী সেজে আবদুল হকের অটোরিকশাটি ভাড়া করেন। তাদের গন্তব্য ছিল পাঠাননগর বাজার। পথে বাংলাবাজার সংলগ্ন নির্জন সড়কে পৌঁছালে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। পরে সড়কের পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ছাগলনাইয়া থানার এএসআই জেকসন বড়ুয়া ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। ছাগলনাইয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু তাহের জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
ফেনীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
ফেনী প্রতিনিধি
২৫ অক্টোবর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
