ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ২০২৭ আসরকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার কায়রন পোলার্ডকে নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিলো পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। বিগত চার মৌসুম ধরে ফ্র্যাঞ্চাইজিটির ব্যাটিং কোচ হিসেবে কাজ করা ৩৯ বছর বয়সী এই ক্যারিবীয় তারকা শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়বর্ধনের স্থলাভিষিক্ত হন। মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে পোলার্ডের সম্পর্ক দীর্ঘ ১৬ বছরের পুরনো। ২০১০ সালে খেলোয়াড় হিসেবে ওয়াংখেড়েতে পা রাখার পর ফ্র্যাঞ্চাইজিটির পাঁচটি আইপিএল শিরোপা (২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ ও ২০২০) এবং দু’টি চ্যাম্পিয়নস লীগ টি-টোয়েন্টি জয়ের অন্যতম কারিগর ছিলেন তিনি। আইপিএলে খেলোয়াড় হিসেবে ১৮৯ ম্যাচ খেলে ১৪৭.৩২ স্ট্রাইক রেটে ৩,৪১২ রান করার পাশাপাশি ৬৯টি উইকেট শিকার করেন।
২০২২ সালে খেলোয়াড় জীবন থেকে অবসরের পর মুম্বইয়ের ব্যাটিং কোচের পদে যোগ দেন তিনি। প্রধান কোচের দায়িত্ব পেয়ে পোলার্ড বলেন, ‘মুম্বই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। এই ফ্র্যাঞ্চাইজিটি আমার ক্যারিয়ার ও জীবনের বড় অংশ। খেলোয়াড় ও কোচ হিসেবে যাত্রার অভিজ্ঞতা থেকে আমি জানি, এই জার্সি এবং দলের মূল লক্ষ্য কী। খেলোয়াড় ও সহকারী স্টাফদের সঙ্গে কাজ করার পাশাপাশি নতুন প্রতিভা তৈরি করতে আমি মুখিয়ে আছি।’ আইপিএল ছাড়াও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগে মুম্বই ইন্ডিয়ান্সের মালিকানাধীন একাধিক ক্লাবের হয়েও মাঠে নামেন পোলার্ড।
