ডি-থ্রি টুর্নামেন্টের ড্রাফট ২৬শে অক্টোবর

ফন্ট সাইজ:

আগামী ডিসেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেটের নতুন আয়োজন ‘ডোমেস্টিক থ্রি’ বা ‘ডি-থ্রি’ টুর্নামেন্ট। তিন ফরম্যাটের ভিন্নধর্মী এই প্রতিযোগিতাকে সামনে রেখে আগামী ২৬শে অক্টোবর রাজধানীর শেরাটন হোটেলে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে খেলোয়ারদের ড্রাফট বা নিলাম। নিলামের আগে ২৭০ জন ক্রিকেটারকে পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করে তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বোচ্চ ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন জাতীয় দলের একঝাঁক তারকা ক্রিকেটার। তালিকায় রয়েছেন মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহীম, তাওহীদ হৃদয়, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও জাকের আলী অনিকের মতো নিয়মিত মুখরা। তবে ‘এ’ ক্যাটাগরিতে থাকার গুঞ্জন থাকলেও অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা হয়েছে ‘সি’ ক্যাটাগরিতে। সেখানে তার সঙ্গী হিসেবে আছেন- নাসির হোসেন, শুভাগত হোম, আমিনুল ইসলাম বিপ্লব, নাঈম আহমেদ, আকবর আলী, আজিজুল হাকিম তামিম ও মৃত্যুঞ্জয় চৌধুরী। অন্যদিকে ‘বি’ ক্যাটাগরির ২৫ ক্রিকেটারের মধ্যে উল্লেখযোগ্য- সাব্বির রহমান, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ ও এবাদত হোসেন। এ ছাড়া, ‘সি’ ক্যাটাগরিতে ৬৮ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫৩ জন এবং সবচেয়ে বেশি ১০১ জন ক্রিকেটার স্থান পেয়েছেন ‘ই’ ক্যাটাগরিতে। অনূর্ধ্ব-১৯ দলের তরুণ ক্রিকেটারদের বড় অংশকে ‘ই’ ক্যাটাগরিতে রাখা হয়েছে। তরুণদের জন্য অভিজ্ঞদের সঙ্গে খেলার সুযোগ তৈরি করাই এই আয়োজনের অন্যতম মূল আকর্ষণ। ড্রাফটের আগেই অংশ নেয়া ৬টি ফ্র্যাঞ্চাইজি একজন করে আইকন ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ পায়। সেই সুযোগে এইচ ব্লু স্টার নিয়েছে নুরুল হাসান সোহানকে, ওয়ালটন নিয়েছে মেহেদী হাসান মিরাজকে, সেভেন রিংস সিমেন্ট নিয়েছে মুশফিকুর রহীমকে, একমি নিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে, ফরচুন নিয়েছে তাওহীদ হৃদয়কে এবং সিটিজেন ব্যাংক নিয়েছে নাঈম শেখকে।

প্রতিটি দলের স্কোয়াডে থাকবেন ২৩ জন করে ক্রিকেটার। একই স্কোয়াড নিয়ে দলগুলোকে তিন ফরম্যাটের প্রতিযোগিতায় অংশ নিতে হবে। ডিসেম্বরে টি-টোয়েন্টি ফরম্যাটের পর জানুয়ারিতে চারদিনের বিসিএল এবং আগামী মে মাসে মাঠে গড়াবে ৫০ ওভারের টুর্নামেন্ট। ইতিমধ্যে ছয় দলের কোচিং প্যানেলও চূড়ান্ত করা হয়েছে। দায়িত্ব সামলাবেন- মোহাম্মদ সালাহউদ্দিন, সোহেল ইসলাম, হান্নান সরকার, মিজানুর রহমান বাবুল, মোহাম্মদ আশরাফুল, ফয়সাল ডিকেন্স, আশিকুর রহমান মজুমদার ও তালহা জুবায়েরের মতো পরিচিত কোচরা।