কনসার্ট থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

কনসার্ট থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মৃত্যু

ফন্ট সাইজ:

নরসিংদীর রায়পুরায় কনসার্ট থেকে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আশারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রায়পুরা উপজেলার পূর্বপাড়া গ্রামের সেলিম মিয়ার ছেলে নিরব মিয়া (১৯) ও একই ইউনিয়নের সাহেরচর গ্রামের জাহিদুল মিয়ার ছেলে জীবন (২০)। নিরব নরসিংদী বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কয়েকজন বন্ধু মিলে নরসিংদীতে একটি কনসার্টে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে নিরব তার বন্ধু জীবনের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে আশারামপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিরবের মৃত্যু হয়। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় জীবনকে উদ্ধার করে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে জীবনের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানা গেছে। পরে শুক্রবার রাতেই দুই বন্ধুর মরদেহ বাড়িতে নিয়ে যান পরিবারের সদস্যরা। পরে শনিবার দুপুরে জানাজা শেষে তাদের দাফন করা হয়।