যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ তরুণ নিহত, আহত ২

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৩ তরুণ নিহত, আহত ২

ফন্ট সাইজ:

যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত ও ২জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের নতুনহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- যশোরের মণ্ডলগাতি এলাকার সিয়াম হোসেন (১৮), জয় (১৮) ও রোহান (১৯)। এ ঘটনায় বেজপাড়া এলাকার রিফাত (১৭) ও ওমর (১৭) গুরুতর আহত হয়েছেন।
যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, ২টি মোটরসাইকেলযোগে ৫ তরুণ বেনাপোলের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ জনই গুরুতর আহত হন। ধারণা করা হচ্ছে আহত তরুণরা সকলেই নেশাগ্রস্ত ছিল।

পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সিয়াম, জয় ও রোহানকে মৃত ঘোষণা করেন। আহত রিফাত ও ওমর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
ময়নাতদন্ত ছাড়াই পরিবারের আবেদনের প্রেক্ষিতে শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নিহত ৩জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন আরও বলেন, এঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা না হলেও পুলিশ বাদী হয়ে একটি ইউডি মামলা রেকর্ড করেছে।