সিলেটে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুইদিনে মারা গেছেন ৫ জন। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ১২৫ জন। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০২। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া শিশু দু’জনের বয়স যথাক্রমে ৩ ও ১০ মাস। তারা দু’জনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তাদের মৃত্যু এখনো সন্দেহজনক হামজনিত মৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১ হাজার ১১৫। এর মধ্যে সিলেটে ৪৪২, সুনামগঞ্জে ৩৫৭, মৌলভীবাজারে ১৫৮ এবং হবিগঞ্জে ১৫৮ জন। হবিগঞ্জের সংখ্যার মধ্যে রুবেলায় আক্রান্ত দু’জনও রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১২৫ রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬০, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৬ এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম নিয়ে চিকিৎসাধীন রয়েছে ৪৬৮ জন। এর মধ্যে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২০০, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৬৮, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২২, পার্কভিউ হাসপাতালে ২০, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৯, মৌলভীবাজার সদর হাসপাতালে ৩০ এবং নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন রয়েছে। এ ছাড়া বিশ্বনাথ ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দু’জন করে চিকিৎসাধীন রয়েছে। প্রতিবেদনের মৃত্যু সংক্রান্ত হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিভাগে সন্দেহজনক হামজনিত মৃত্যু হয়েছে ১৯২ জনের। নিশ্চিত হামজনিত মৃত্যু হয়েছে ১০ জনের। সবমিলিয়ে সন্দেহজনক ও নিশ্চিত হামজনিত মৃত্যুর সংখ্যা ২০২।
সিলেটে হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২৫ অক্টোবর (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
