মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর আচরণে বিন্দুমাত্র সংশয় ছিল না। গোল করার পর চিরচেনা ‘সিউ’ উদ্?যাপনে মেতে ওঠেন তিনি। সৌদি প্রো লীগও গোলটির কৃতিত্ব দিয়েছে পর্তুগিজ মহাতারকার নামে। কিন্তু ফুটবলের তথ্য-উপাত্ত বিশ্লেষণী প্রতিষ্ঠান অপ্টার হিসাবে সেটি নাকি আত্মঘাতী গোল! ক্যারিয়ারের ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলকের দিকে ছুটতে থাকা রোনালদোর একটি গোল নিয়ে এখন তৈরি হয়েছে নতুন এই পরিসংখ্যানগত বিতর্ক।
সৌদি প্রো লীগে আল ফয়সালির বিপক্ষে আল নাসরের ৩-১ গোলের জয়ের ম্যাচে ঘটনাটি ঘটে ৪৯তম মিনিটে। জোয়াও ফেলিক্সের নেয়া ফ্রি-কিক থেকে বক্সের ভেতর উঁচুতে লাফিয়ে হেড করার চেষ্টা করেন ৪১ বছর বয়সী রোনালদো। কিন্তু বলের সঙ্গে তার মাথার স্পষ্ট সংযোগ হয়েছিল কি না- তা নিয়ে শুরু থেকেই সংশয় ছিল। শেষ পর্যন্ত বলটি আল ফয়সালির ডিফেন্ডার আন্দ্রেই জিরোত্তোর গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। গোলের পর পরই নিজের চিরচেনা ভঙ্গিতে উদ্?যাপনে মেতে ওঠেন রোনালদো। সৌদি প্রো লীগ কর্তৃপক্ষও গোলটি তার নামে লিপিবদ্ধ করে। তাদের হিসাব অনুযায়ী, এই গোলটি যোগ করলে রোনালদোর ক্যারিয়ারের মোট গোলসংখ্যা দাঁড়ায় ৯৮২টিতে।
হাজারি ক্লাবে প্রবেশ করতে তার প্রয়োজন আর মাত্র ১৮ গোল। তবে ইএসপিএনের পরিসংখ্যান সরবরাহকারী প্রতিষ্ঠান অপ্টা সম্পূর্ণ ভিন্ন হিসাব সামনে এনেছে। তাদের কঠোর পর্যালোচনায় গোলটিকে জিরোত্তোর আত্মঘাতী হিসেবে চিহ্নিত করা হয়েছে। অপ্টার হিসাব সঠিক হলে রোনালদোর ব্যক্তিগত গোলসংখ্যা ৯৮২ থেকে কমে দাঁড়াবে ৯৮১টিতে। ম্যাচ শেষে অবশ্য এই বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি রোনালদো। বরং নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গোল উদ্?যাপনের ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘চলো এগিয়ে যাই!’ গোলের মালিকানা নিয়ে বাইরে যতই আলোচনা চলুক, নিজের লক্ষ্য থেকে যে তিনি বিন্দুমাত্র সরছেন না, সেটিই স্পষ্ট করে দিয়েছেন এই ফরোয়ার্ড। ম্যাচের বাকি গল্পটি অবশ্য আল নাসরের জন্য বেশ স্বস্তির ছিল। ম্যাচের শুরুতেই আবদুল্লাহ আল-হামদানের গোলে এগিয়ে যায় দলটি। এরপর দ্বিতীয়ার্ধের শুরুতে রোনালদোর সেই বিতর্কিত গোল ব্যবধান দ্বিগুণ করে। যদিও পরে থিও বঙ্গোন্ডা আল ফয়সালির হয়ে একটি গোল শোধ করেন। তবে ম্যাচের শেষ দিকে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের গোলের সুবাদে ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আল নাসর। এই জয়ে সৌদি প্রো লীগের শিরোপার দৌড়েও নিজেদের অবস্থান পোক্ত করলো রিয়াদের ক্লাবটি। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে তারা। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে সামান্য পিছিয়ে তিন নম্বরে আছে আল কাদসিয়া, আর ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে আল হিলাল।
