রাজকুমারীর কাছ থেকে নতুন অ্যাওয়ার্ড নিলেন মেসি

রাজকুমারীর কাছ থেকে নতুন অ্যাওয়ার্ড নিলেন মেসি

ফন্ট সাইজ:

অসামান্য ফুটবল ক্যারিয়ার ও মাঠের বাইরে মানবিক অবদানের স্বীকৃতিস্বরূপ স্পেনের ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার পেলেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সী এ আর্জেন্টাইন তারকার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনোর। গত শুক্রবার ওভিয়েদোর ক্যাম্পোয়ামোর থিয়েটারে আয়োজিত অনুষ্ঠানে রাজকীয় সংবর্ধনা পান মেসি। প্রথম ফুটবলার হিসেবে ব্যক্তিগতভাবে এ ক্রীড়া পুরস্কার জেতায় তাকে অভিনন্দন জানায় স্প্যানিশ ক্লাব এফসি বার্সেলোনা। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানিয়ে কাতালান ক্লাবটির পক্ষ থেকে বলা হয়, ‘২০২৬ সালের প্রিন্সেস অব আস্তুরিয়াস ক্রীড়া পুরস্কার জেতায় লিও মেসিকে অভিনন্দন। তোমার অসাধারণ প্রতিভার যথার্থ স্বীকৃতি এটি। মাঠ ও মাঠের বাইরে তোমার প্রভাব দীর্ঘস্থায়ী ছাপ রেখে গেছে।

খেলাটির প্রতি তোমার উৎকর্ষ, অঙ্গীকার ও সংহতির কারণে তুমি বিশ্ব ফুটবলের এক মানদণ্ডে পরিণত হয়েছো।’ ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে ভেন্যুর বাইরে আর্জেন্টিনার জার্সি গায়ে শত শত সমর্থক ভিড় জমান এবং প্রিয় তারকার নামে স্লোগানে পুরো প্রাঙ্গণ মুখরিত করে তোলেন। মেসির দুই দশকের বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা নিশ্চিতকরণে বিশেষ অবদানের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে পুরস্কারের বিচারকমণ্ডলী। অনুষ্ঠানে প্রিন্সেস লিওনোর মেসির ভূয়সী প্রশংসা করে বলেন, ‘খেলার পরিস্থিতি নিখুঁতভাবে বোঝা এবং মুহূর্তের ভগ্নাংশে কার্যকর সিদ্ধান্ত নেয়ার যে অনন্য ক্ষমতা তার রয়েছে, তা দিয়ে সাধারণ বিষয়গুলোকেও তিনি প্রতিদিনের অভ্যাসে রূপান্তর করেছেন। নিজের অহংবোধ পেছনে ফেলে দলের যৌথ স্পিরিটকে তিনি সব সময় প্রাধান্য দিয়েছেন।’ পুরস্কার নেয়ার পর ইনস্টাগ্রাম পোস্টে মেসি লেখেন, ‘ক্রীড়াক্ষেত্রে প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড পাওয়াটা দারুণ সম্মানের। সব পুরস্কারজয়ীকে অভিনন্দন, আপনাদের সবার সঙ্গে দেখা হয়ে দারুণ সময় কেটেছে।’
১৯৮১ সালে প্রতিষ্ঠিত ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ স্প্যানিশ ভাষাভাষী বিশ্বের অন্যতম শীর্ষ সম্মাননা।

ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এর আগে সেরেনা উইলিয়ামস, রাফায়েল নাদাল, এলিউড কিপচোগে ও লিন্ডসে ভনের মতো ক্রীড়া তারকারা এই পুরস্কারে ভূষিত হন। ১৩ বছর বয়সে বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমিতে যোগ দেন মেসি। পরে ক্লাবটির মূল দলে কাটান ১৭টি মৌসুম। বার্সেলোনার ২১ বছরের ক্যারিয়ারে ১০টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লীগ জেতা আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি পিএসজি হয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামির হয়ে খেলেন।