দরগাহের ডেগে হরেক রকমের চিঠি, কৌতূহল

দরগাহের ডেগে হরেক রকমের চিঠি, কৌতূহল

ফন্ট সাইজ:

হরেক রকমের চিঠি মিলছে সিলেটের দরগাহের ডেগে। কেউ লিখেন প্রেমপত্র, কেউ দেন আল্লাহ্‌র কাছে বিচার। অবাধ্য স্বামীকে পথে ফেরাতে স্ত্রীও জানান আকুতি। এসব চিঠি নিয়ে নানা কৌতূহল চলে। আগে এসব চিঠি বেশি মিলতো। এখন সেটি কমে গেছে। আগস্ট থেকে দরগাহের টাকা গণনা করছে প্রশাসন। গতকাল পঞ্চমবারের মতো হয় গণনাও। দরগাহের মোট ৭টি দানবাক্সের টাকা গণনা করা হয়। এর মধ্যে একটি ডেগের টাকা রয়েছে। যে ডেগটিকে বলা হয় ‘শাহজালালের ডেগ’। ভক্তরা ডেগে মানতের টাকা দেন। টাকা, পয়সা, সোনা-গয়নার পাশাপাশি হরেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে ডেগে। তবে প্রতিবারই মিলে হরেক রকমের চিঠি। এবারো মিলেছে কয়েকটি চিঠি। এর মধ্যে একটি চিঠি প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান তারেক রহমানকে উদ্দেশ্য করে লেখা।

বিএনপি’র ‘বেনামী’ এক কর্মী এ চিঠি লিখেন। চিঠির ভাষা ও বিষয়বস্তু থেকে জানা যায়, লেখক বিএনপিতে সদস্যপদ প্রাপ্তির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমার মতো সাংগঠনিক নিয়মকানুন আরোপ করার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি তিনি ২০১১ সালে রাজনীতিতে যুক্ত হয়েও পরবর্তীতে সরে দাঁড়ানোর কথা উল্লেখ করে নিজের রাজনৈতিক অবস্থান ও দলের সংস্কার নিয়ে কিছু ব্যক্তিগত আকুতি প্রকাশ করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়, আবেদনপত্রে বিএনপি’র সদস্য হতে বাধ্যতামূলকভাবে এসএসসি পাস অথবা জিপিএ ২.৫ পয়েন্ট এবং কর্মী হতে এইচএসসি পাস ও জিপিএ ৩.৫ থাকার বিষয় উল্লেখ করা হয়েছে। চিঠিদাতা বিএনপি’র আবেদনপত্রে বলেছেন, এসএসসি দেয়ার আগ পর্যন্ত কেউ যেন বিএনপি’র সঙ্গে যুক্ত হতে না পারে। এ ছাড়া, মানতের ডেগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে লেখা একটি চিঠি পাওয়া গেছে। চিঠিতে শেখ হাসিনার সুস্থতা কামনার পাশাপাশি তাকে বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে ফিরে আসার প্রার্থনা করা হয়েছে।

চিঠিতে তারিখ লেখা ছিল ২৮শে সেপ্টেম্বর ২০২৬, ওই দিন ছিল সাবেক এই প্রধানমন্ত্রীর জন্মদিন। লালবাগ থানার ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না নাম উল্লেখ করে চিঠিতে লেখা হয়েছে, আসসালামু আলাইকুম। আমি লালবাগ থানার ২৪ ওয়ার্ড আওয়ামী লীগের পক্ষ থেকে মো. মামুন হোসেন মন্না। বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে হযরত শাহজালাল মাজারে নেত্রীর জন্য দোয়া ও প্রার্থনা করছি। আল্লাহ্‌ পাক যেন তাকে সর্বদা সুস্থ রাখেন এবং বাংলাদেশের মানুষের আশার আলো হয়ে যেন ফিরে আসেন, আমিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক দেশরত্ন শেখ হাসিনার।’ দানবাক্সে নানা অভিযোগ, দোয়া ও শুভকামনা জানিয়ে দেয়া ভক্তদের অনেক চিঠি পাওয়া গেছে। স্বামীর চাকরি চেয়ে তার ‘প্রার্থনাপত্র’ পাওয়া গেছে। নাম ছাড়া পত্রে ওই স্ত্রী লিখেন, হে শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, আপনার উছিলায় আমার আহাল (স্বামী)- উনাকে একটা ভালো চাকরি দিন এবং উনার মানসিক শান্তি দান করুন।

মাজার কর্তৃপক্ষ জানিয়েছেন, শাহজালালের ডেগে চিঠি পাওয়ার ঘটনা অনেক পুরনো। এক সময় ডেগে প্রেমের চিঠি বেশি মিলতো। আবার স্বামীকে পথে ফেরানোর আকুতি জানিয়ে চিঠি লিখতেন স্ত্রী। তখন রাজনৈতিক চিঠি কম মিলতো। মাজার কর্তৃপক্ষ গোপনীয়তার স্বার্থে এসব চিঠি প্রকাশ করতেন না। এখন যেহেতু প্রকাশ্যে টাকা গণনা করা হচ্ছে, সে কারণে রাজনৈতিক চিঠি বেশি লেখা হচ্ছে। এখন প্রকাশ্যে টাকা গণনা করা হচ্ছে। সে কারণে চিঠিগুলোও প্রকাশ্যে চলে আসছে। তারা বলেন, অনেকেই রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য চিঠি দিচ্ছেন।

আর এসব চিঠি প্রকাশও পাচ্ছে। এদিকে, শনিবার সিলেটের জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানিয়েছেন, আমরা তিনজন লোক নিয়োগ দেবো- ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট ও কম্পিউটার অপারেটর। তাদের নিয়োগের পর প্রতিদিন টাকা গণনা হবে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে আরও মাসখানেক লাগতে পারে। তার আগে আরও একবার আমাদের ব্যবস্থাপনায় টাকা গণনা হতে পারে। এরপর নিয়োগপ্রাপ্ত এ কার্যক্রম পরিচালনা করবেন বলে জানান তিনি।