Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28

Warning: Trying to access array offset on false in /var/www/vhosts/mzamin.com/httpdocs/app/core/FileCache.php on line 28
ঠাকুরগাঁওয়ে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্যদিয়ে বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে - MZamin
ঠাকুরগাঁওয়ে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্যদিয়ে বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে

ঠাকুরগাঁওয়ে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্যদিয়ে বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে

ফন্ট সাইজ:

বিএনপি’র বিরুদ্ধে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ তুলেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, বিএনপি’র প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হলে ঠাকুরগাঁওকে শূন্য করে ফেলা হবে। এ অঞ্চলকে বাঁচাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে হবে। শনিবার দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে ১১ দলীয় ঐক্য জোটের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরওয়ার বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ক্ষুদ্রঋণ এবং ইমাম-খতিবদের ভাতা ও বেতন দেয়ার ক্ষেত্রে বিএনপি দুর্নীতি করেছে এবং দলীয় লোকজনকে সুযোগ-সুবিধা দিয়েছে। তিনি আরও বলেন, বিএনপি’র দিন ফুরিয়ে আসছে। ঠাকুরগাঁও-১ আসনে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্যদিয়ে বিএনপিকে লাল কার্ড দেখাতে হবে।

চাঁদাবাজি ও দখলদারিত্বের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আগামী ২৯ তারিখ দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধের ইতিহাস প্রসঙ্গে গোলাম পরওয়ার অভিযোগ করেন, ১৯৭১ সাল নিয়ে বিএনপি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যাচার করছে। অথচ বিএনপি’র অনেক নেতাকর্মীর পরিবারের সদস্যরাও সে সময়ের অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন বলে দাবি করেন তিনি। বিএনপি’র সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি দলটির বিরুদ্ধে লুটপাটের অভিযোগ তোলেন। এ সময় বিএনপি’র নেতাকর্মীদের আচরণ নিয়েও কটাক্ষ করেন তিনি। নির্বাচনে অনিয়মের আশঙ্কা প্রকাশ করে গোলাম পরওয়ার বলেন, ভোটে কোনো ধরনের টালবাহানা বা কারচুপি করা হলে ভোটকেন্দ্র থেকে নির্বাচন অফিস পর্যন্ত ঘেরাও করা হবে।

কোনো প্রিজাইডিং কর্মকর্তা অনিয়ম করলে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখার হুঁশিয়ারিও দেন তিনি। এ ছাড়া নির্বাচনে কারচুপি বা ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হলে কোনো ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন জামায়াতের এই নেতা। প্রয়োজনে ঠাকুরগাঁও-১ আসনকে কেন্দ্র করে সরকার পতনের আন্দোলনের ডাক দেয়া হবে বলেও জানান তিনি। জনসভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম।

এ ছাড়া বক্তব্য দেন ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন। উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসু’র ভিপি আবু সাদিক কায়েম এবং ১১ দলীয় ঐক্য জোটের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর অধ্যাপক বেলাল উদ্দীনের সভাপতিত্বে জনসভাটি সঞ্চালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর।