সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২২) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারুফ বিন হাবিব (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আকরাম ওই গ্রামের রহিম সরকারের ছেলে। অপরদিকে আটক হওয়া মারুফ বিন হাবিব একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে। স্থানীয়রা জানায়, ঘাতক মারুফ সন্ধ্যার দিকে আকরামকে তার বাড়িতে ডেকে নেয়। এ সময় তার ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে আকরামকে কুপিয়ে হত্যা করে মরদেহ বাড়ির আঙিনায় ফেলে রাখে। এ ঘটনার দুই ঘণ্টা পর প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়।
পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ও ঘাতক মারুফকে আটক করে থানায় নিয়ে গেছে। উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদুল রহমান মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় মারুফ নামে একজনকে আটক করা থানা হেফাজতে নেয়া হয়েছে।
এ ছাড়া মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, কী কারণে এই হত্যাকাণ্ড সেটা এখনো জানা যায়নি।
