ভারতের কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পর পর দু দিন বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে। সর্বশেষ, শনিবার বিকেল তিনটায় ফুকেট থেকে আসা ইন্ডিয়ার বিমানে বোমা থাকার খবরে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। যদিও ব্যাপক তল্লাশির পর বিমানে কোনো বোমা বা বিস্ফোরক পদার্থ পাওয়া যায়নি।
বিমানবন্দর সূত্রের খবর, ফুকেট থেকে কলকাতায় আসা বিমানটি অবতরণের পর কেবিন ক্রু-রা বিমানের টয়লেট পরিষ্কার করতে গিয়ে আতঙ্কিত হয়ে পড়েন। টয়লেটের আয়নার ওপরে লেখা ছিল বিমানের ভিতরে বোমা রাখা আছে। সঙ্গে সঙ্গে বিষয়টি পাইলট এবং বিমানবন্দরের নিরাপত্তা আধিকারিকদের জানানো হয়। মুহূর্তের মধ্যে বিমানটিকে আইসোলেশন বে-তে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের নিরাপদে নামিয়ে তল্লাশি শুরু করে সিবিএসএফ, বম্ব স্কোয়াড এবং এয়ারপোর্ট পুলিশ।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, কেউ আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যেই এই হুমকি-বার্তা দিয়ে থাকতে পারেন।
সূত্রের খবর, কে এই হুমকি-বার্তা লিখেছেন, তা জানতে বিমানের যাত্রিতালিকা খতিয়ে দেখা হচ্ছে। দেখা হচ্ছে বিমানবন্দরের সিসি ক্যামেরার ফুটেজও। বার বার এই ঘটনাগুলির নেপথ্যে কোনো সংগঠিত চক্রের যোগ রয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এর আগে শুক্রবারও ভুয়া তথ্য ঘিরে বোমাতঙ্ক ছড়ায় কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। সেদিন বিমানবন্দরে নারীদের শৌচালয়ে একটি হুমকির চিরকুট পাওয়া যায়। সেখানেও দাবি করা হয়েছিল, বোমা রাখা আছে। পরবর্তীতে সেটি ভুয়া বলে জানা যায়।
