যুবকের ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

যুবকের ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

ফন্ট সাইজ:

আগের স্ত্রীর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের কমলনগরে মাহফুজ (২৫) নামে এক যুবকের ঘুষিতে ফজলে আলী হাজারী (৬২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার চর কাদিরা ইউনিয়নের বটতলী বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাহফুজ ওই এলাকার আবু তাহেরের ছেলে। নিহত ফজলে আলী একই এলাকার বাসিন্দা। নিহতের স্বজন মো. আইয়ুব আলী বলেন, প্রায় এক বছর আগে আমার ভাতিজা দেলোয়ারের সঙ্গে একই এলাকার জামাল হোসেনের মেয়ের প্রেমের সম্পর্কে বিয়ে হয়। পরে তাদের বিবাহবিচ্ছেদ হয়। হঠাৎ মেয়ে পক্ষের লোকজন তাদের মেয়ের ছবি দেলোয়ারের ফেসবুকে প্রচার করেছে বলে আপত্তি তোলেন। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে বটতলী বাজারে কথাকাটাকাটি হয়।

একপর্যায়ে চরফলকন ইউনিয়নের ইউপি সদস্য নাজিম উদ্দীন হাওলাদার ওই এলাকার ফারুক মাঝির ইন্ধনে জামাল, আবু তাহের ও মাহফুজ ফজলে আলীর ওপর হামলা করে। ওই সময় মাহফুজ এলোপাতাড়ি ঘুষি দিতে থাকে। এতে মারাত্মক আহত হন ফজলে। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে উপজেলার চরফলকন ইউনিয়নের (ইউপি) সদস্য নাজিম উদ্দীন হাওলাদার বলেন, আমার ভাতিজিকে অনত্র বিয়ে দেয়ার পরেও আগের স্বামী দেলোয়ার তার অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারে করে।

বিষয়টি নিয়ে উভয়পক্ষের সঙ্গে সমঝোতার চেষ্টা করি। তখন কথাকাটাকাটি একপর্যায়ে মেয়ের খালাতো ভাই মাহফুজ ফজলেকে একটি ঘুষি দেয়। এর ২-৩ ঘণ্টা পর সে অসুস্থ হয়। আমরা ধারণা করছি সে স্ট্রোক করেছে। কারণ এর আগেও সে দুইবার স্ট্রোক করেছে বলে আমরা শুনেছি। কমলনগর থানার ইনচার্জ (ওসি) মো. ফরিদুল আলম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্টের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।