ভারতের দিল্লির কৃষ্ণ নগর এলাকায় শনিবার (২৪ অক্টোবর) এক স্কুলে মর্মান্তিক ঘটনা ঘটেছে। ১৯ বছর বয়সী দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী শরীরে পেট্রোল ঢেলে নিজেকে জ্বালিয়েছে দিয়েছেন। স্থানীয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে। খবর এনডিটিভির।
পুলিশ ইতোমধ্যে সর্বোদয় কন্যা বিদ্যালয়ের গার্ড রুম থেকে ওই শিক্ষার্থীর দগ্ধ শরীর উদ্ধার করেছে।
কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ওই তরুণী নিজেই তার শরীরে পেট্রোল ঢেলে নিজেকে জ্বালিয়ে দেন।
তবে তরুণীর এমন কর্মকাণ্ডের কারণ সম্পর্কে এখনো জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
প্রাথমিক তদন্তের বরাতে জানা গেছে, ওই শিক্ষার্থীর স্কুল ব্যাগ থেকে তিনটি নোট উদ্ধার করা হয়েছে।
ওই স্কুলের শিক্ষক ও পুলিশ জানান, তরুণীর ব্যাগ থেকে রহস্যময় কিছু জিনিসও উদ্ধার করা হয়েছে। তবে সেগুলো আসলে কি তা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি।
এই ঘটনার নেপথ্যে প্রেমের সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ওই শিক্ষার্থীর বোন বলেন, তিনি তার বোনকে হাসিমুখেই আজ স্কুলে যেতে দেখেন।
তিনি বলেছেন, আমি জানিনা এরপর কী হলো, স্কুল থেকে আমাদের ১টা ৪০ মিনিটে ফোন করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থল পরিদর্শন ও প্রাসঙ্গিক প্রমাণ সংগ্রহের জন্য ক্রাইম টিমকে ডাকা হয়েছে। ঘটনার পেছনের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং আরও তদন্ত চলছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।
