গাজীপুরে কাশিমপুরে একটি গার্মেন্টসে আগুন লেগেছে। শনিবার সকালে পশ্চিম শৈলডুবির সুপ্রিম গার্মেন্টসের কার্টুন ও সুতার গোডাউনে এ আগুন লাগে।
শনিবার সকাল ১০ টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশন থেকে প্রথমে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়লে সারাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরো তিনটি ইউনিট যোগ দেয়। বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে বর্তমানে আগুনের তীব্রতা কমে এসেছে।
তিনি জানান, কারখানার গোডাউনে প্রচুর পরিমাণে খালি কার্টন থাকায় আগুনের তীব্রতা বেড়েছে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
