সমঝোতা না হলে ‘লাশ ফেলে’ দেওয়ার হুমকি মামলার বাদীকে

এজেআর কুরিয়ারে হামলা

সমঝোতা না হলে ‘লাশ ফেলে’ দেওয়ার হুমকি মামলার বাদীকে

ফন্ট সাইজ:

রাজধানীর হাজারীবাগে এজেআর কুরিয়ার সার্ভিসে হামলার ঘটনায় করা মামলার বাদীকে ২৪ ঘণ্টা সময়ের মধ্যে সমঝোতা না করলে ‘লাশ পড়ে থাকবে’ বলে ফোনে হুমকি দেওয়া হয়েছে।
শুক্রবার রাত ১১টার দিকে কুরিয়ার সার্ভিস কোম্পানিটির ব্যবস্থাপক আফসার উদ্দীনকে পরিচয় না দিয়ে এক ব্যক্তি এমন হুমকি দিয়েছেন বলে জানিয়েছেন হাজারীবাগ থানার ওসি মোশাররফ হোসেন।
তিনি গণমাধ্যমকে বলেন, “আমি বাদীর সঙ্গে কথা বলেছি।  হুমকিদাতার সঙ্গে কথোপকথনের অডিও পাঠিয়েছেন তিনি। যাচাই করা হচ্ছে। সব বিষয়ে খোঁজ নিচ্ছি।”

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিকদার মেডিকেল কলেজ সংলগ্ন এজেআর কুরিয়ার সার্ভিস কার্যালয়ে এবং গুদামে ৭০-৮০ জনের একটি দল মোটরসাইকেলে এসে হামলা, ভাঙচুর ও ‘লুটপাট’ চালায়। হামলাকারীরা ল্যাপটপ, সিসি ক্যামেরা ও ডিভিআর নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। পুলিশের তালিকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ সানজিদুল ইসলাম ইমনের নামে ভাড়া দাবি করা হয় এই প্রতিষ্ঠানে এসে।

গতকাল শুক্রবার বাদীকে দেওয়া হুমকির অডিওতে শোনা যায়, হুমকি দেওয়া ব্যক্তি আফসারকে বলেন, “ভাই মামলার বাদী যে হলেন আপনার নিজের মামলার বাদী কে হবেন? এসময় বাদী বলেন, কোনটা ভাই? জবাবে হুমকিদাতা বলেন, কোনটা আপনি বোঝেন না!”

এসময় ওই ব্যক্তি অশ্লীল ভাষায় গালাগাল করেন। বলেন, “কালকের (শনিবার) মধ্যে যোগাযোগ করার ব্যবস্থা করা না হলে লাশ পড়ে থাকবে।”

পরে বাদী পরিচয় জানতে চাইলে ‘তোর বাপ বলছি’ বলে আবারও গালাগালি করেন। তাকে বলতে শোনা যায়, “কালকের দিন সময় দিলাম তোর বাপের সাথে কথা বলে ঝামেলা শেষ করতে বল। না হলে সবার আগে তোর লাশ পড়ে থাকবে।”
ব্যবস্থাপক আফসার আবার পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি বলেন, “নাম পরিচয় জানোস না কেডা ফোন দিতে পারে।”

এসময় বাদী নিজে এ প্রতিষ্ঠানের মালিক নন  জানালে ফোনের অপরপ্রান্ত থেকে বলা হয়, “মালিক না তো- বাদী হইছোস কেমনে? ”

হামলার ঘটনায় করা মামলায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।