সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২২) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার অভিযোগে মারুফ বিন হাবিব (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
নিহত আকরাম সরকার ওই গ্রামের উত্তরপাড়া মহল্লার রহিম সরকারের ছেলে। অপরদিকে আটক মারুফ বিন হাবিব একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানায়, মারুফ বিন হাবিব সন্ধ্যার দিকে আকরামকে তার বাড়িতে ডেকে নেয়। এ সময় তার ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে আকরামকে কুপিয়ে হত্যা করে মরদেহটি বাড়ির আঙিনায় ফেলে রাখেন। এ ঘটনার ঘণ্টা দুয়েক পর প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার ও ঘাতক মারুফ বিন হাবিবকে আটক করে থানায় নিয়ে যায়।
নিহতের বড় ভাই রাকিব সরকার অভিযোগ করে বলেন, ‘আকরাম বিকেল পর্যন্ত বাড়িতেই ছিল। এরপর বাইরে যাওয়ার জন্য বের হয়, তখন জিজ্ঞাসা করলে বলে মারুফ ভাই ফোন দিয়েছেন, ওদের বাড়িতে যাচ্ছি।
তার সঙ্গে কোনে বিরোধ ছিল কী না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দুজন এক সঙ্গেই চলাফেরা করতো। কিন্তু কী এমন অপরাধ ছিল যে, ভাইকে মেরে ফেলতে হবে।’ তিনি এ ঘটনায় মারফের ফাঁসির দাবি জানিয়েছেন।
উল্লাপাড়া মডেল থানার এসআই আবিদুল রহমান মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মারুফ বিন হাবিব নামে একজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। সেই সঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো ও মামলার প্রস্তুতি চলছে। তবে, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে সেটা এখনও জানা যায়নি।
