কেন ১২ বছর পর বিকিনি পরলেন অভিনেত্রী কৃতি স্যানন

কেন ১২ বছর পর বিকিনি পরলেন অভিনেত্রী কৃতি স্যানন

ফন্ট সাইজ:

বলিউড অভিনেত্রী কৃতি স্যানন ‘ককটেল ২’ ছবির আগে ১২ বছর পর্যন্ত কেন বিকিনি পরেননি তা জানিয়েছেন। তিনি এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এর ‘দ্য মেকিং অব আ মডার্ন স্টার’ শীর্ষক অধিবেশনে অংশ নিয়ে নিজের অভিনয়জীবন, আত্মবিশ্বাস এবং ব্যক্তিগত পরিবর্তন নিয়ে খোলামেলা কথা বলেছেন। সেখানেই জানিয়েছেন এই গোপন রহস্যের কথা। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

‘ককটেল ২’ সিনেমায় কৃতির গ্ল্যামারাস উপস্থিতি নিয়ে বেশ আলোচনা হয়েছে। বিশেষ করে সিনেমাটিতে তার বিকিনি পরা দৃশ্যটি দর্শকদের নজর কেড়েছে। তবে এমন দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে নির্দিষ্ট শারীরিক গড়ন ধরে রাখার কোনো চাপ ছিল কি না, সে বিষয়েও কথা বলেছেন এ অভিনেত্রী। তিনি জানিয়েছেন, নিজের শরীর নিয়ে স্বচ্ছন্দ হতে তার ১২ বছর সময় লেগেছে। ২০১৪ সালে ‘হিরোপান্তি’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেকের পর দীর্ঘ পথ পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছেন তিনি।

কৃতি বলেন, আমি নিজেই আমার সবচেয়ে বড় সমালোচক। নিজেকে এত বেশি যাচাই করি যে অন্য যেকোনো কিছুর চেয়ে বিষয়টি আমাকে বেশি ভাবায়। আমার মনে হলে যে আমি নিজের সেরাটা দিতে পারিনি, তখন সেটাই আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। হ্যাঁ, আজকাল সবকিছু নিয়েই আমাদের সমালোচনার মুখে পড়তে হয়। ‘ককটেল ২’-এ আমার চরিত্রটি নিয়ে আমি সত্যিই খুব উচ্ছ্বসিত ছিলাম। ১২ বছর পর আমি বিকিনি পরা দৃশ্যে অভিনয় করেছি। এমন দৃশ্যের ক্ষেত্রে শারীরিক ফিটনেসের চেয়েও নিজের শরীর নিয়ে স্বচ্ছন্দ থাকা বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ‘ককটেল ২’-এর বিকিনি পরা দৃশ্যটি আমার জীবনে একেবারে সঠিক সময়ে এসেছে। এর আগে জীবনে কখনো বিকিনি পরিনি। ছয়-আট বছর আগে হলে আমি এমন দৃশ্যে অভিনয় করতাম না। সময়ের সঙ্গে সঙ্গে আমি বড় হয়েছি, নিজেকে বদলেছি। এখন নিজের শরীর নিয়ে আমি স্বচ্ছন্দ। দৃশ্যটি ঠিক সময়েই এসেছে। এখন আমি সমুদ্রসৈকতেও বিকিনি পরি। এমন একটা সময়ে দৃশ্যটি এসেছে, যখন আমি নিজেকে বলতে পেরেছি- হ্যাঁ, আমি এটা করতে পারব।

‘ককটেল ২’ সিনেমাটি নিয়ে দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ার প্রসঙ্গেও কথা বলেন কৃতি। তার মতে, সবাই চান তাদের সিনেমা ভালো করুক এবং দর্শকের পছন্দ হোক। কিন্তু সবকিছু শিল্পীদের নিয়ন্ত্রণে থাকে না। কৃতি বলেন, আমার সিনেমা নিয়ে যখন বিপরীতমুখী মতামত আসে, তখন আমার ভালো লাগে। ‘তেরে ইশ্ক’-এর জন্য আমি অনেকের কাছ থেকে দীর্ঘ বার্তা পেয়েছি। সিনেমাটি মানুষকে কিছু একটা অনুভব করিয়েছে। কেউ ভালোবাসুক বা ঘৃণা করুক- তাতে কিছু আসে যায় না। আমার মনে হয়, সিনেমা দেখা একান্ত ব্যক্তিগত অভিজ্ঞতা। এটি ব্যক্তিভেদে ভিন্ন হয়। শিল্পও এমনই। শিল্পের কাজ হলো মানুষের মধ্যে অনুভূতি জাগানো এবং প্রত্যেকের কাছে ভিন্নভাবে ধরা দেয়া। আমি নিজেই আমার সবচেয়ে বড় সমালোচক। এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৬-এ এসব কথা বলেন অভিনেত্রী।
‘রাবতা’ সিনেমায় কৃতির পোশাক পরিকল্পনার দায়িত্বে ছিলেন তারকা ফ্যাশন স্টাইলিস্ট আনাইতা শ্রফ আদাজানিয়া। ‘ককটেল ২’-তেও কৃতির সঙ্গে কাজ করেছেন তিনি। ক্যারিয়ারের শুরুর দিকের অভিজ্ঞতা স্মরণ করে কৃতি বলেন, আনাইতা প্রথম আমার জন্য রাবতা সিনেমায় পোশাকের স্টাইলিং করেছিলেন। তিনি যখন প্রথমবার পোশাকের সেট নিয়ে আসেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, ‘এর ওপর আর কী পরব?’ আমি তখন খুব লাজুক ছিলাম এবং নির্দিষ্ট ধরনের কিছু পোশাক পরতে চাইতাম না।

২০১২ সালে হোমি আদাজানিয়ার ‘ককটেল’ মুক্তির পর এটি আর দশটি রোমান্টিক-কমেডি সিনেমার মতো থাকেনি। সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন ও ডায়ানা পেন্টি অভিনীত সিনেমাটি দর্শকদের উপহার দিয়েছিল জনপ্রিয় গান, জটিল সম্পর্কের গল্প এবং দীপিকার ক্যারিয়ারের অন্যতম আলোচিত অভিনয়। স্বাভাবিকভাবেই, ‘ককটেল ২’ নির্মাণের ঘোষণা আসার পর থেকেই সিনেমাটি নিয়ে প্রত্যাশা তৈরি হয়। প্রথম সিনেমার ১৪ বছর পর এর নতুন কিস্তিতে অভিনয় করছেন শহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা।