ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস খাদ পড়ে নিহত ৩, আহত ১৬

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস খাদ পড়ে নিহত ৩, আহত ১৬

ফন্ট সাইজ:

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এঘটনায় বাসের অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে শ্রীনগর উপজেলার হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনা কবলিত বাসটির হতাহতদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের ধারণা অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনায় পড়ে।

নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম রুকুনুজ্জামান রঞ্জু (৫৫)। বাড়ি চুয়াডাঙ্গায়। নিহত অপর দু’জনের পরিচয় জানা যায়নি।

আহতরা হলেন—মো. হৃদয় (৩০), শাহিন আক্তার (৩২), নূর ইসলাম (৫৫), ইমরান (২৭), গিলবাড সরকার (৫৫), তরিকুল ইসলাম (৩৬), সাইফুল ইসলাম (৪০), মিরাজুল ইসলাম (২৮), রফিকুল ইসলাম (৩৫), অনিফিন (১৭), সন্দীপন বসু (৪০), ইকরাম (৪০), রায়হান (২১), হাসিব (২২), তিশা (২৪) ও বোরহান উদ্দিন (৫৫)।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় হৃদয়, তরিকুল ইসলাম, গিলবাড ও তিশাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা, মো. শাহরিয়ার হক শনিবার সকালে মানবজমিনকে বলেন, ‘ভোর চারটার দিকে ১১ জনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর ছিল। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়। একই ঘটনায় সকাল ছয়টার দিকে তিন জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। এদের মধ্যে একজনের পরিচয় জানা যায়। অন্য দুই জনের পরিচয় শনাক্ত করা যায়নি।

বাসের যাত্রীদের বরাত দিয়ে ফয়ার সার্ভিস জানায়, শুক্রবার রাতে চুয়াডাঙ্গা থেকে দর্শনা পরিবহনের ওই বাসটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। যাত্রার শুরু থেকে বাসটি বেপরোয়াভাবে চালানো হচ্ছিলো। শ্রীনগরের হাসরা এলাকায় আসলে দ্রুতগতিতে একটি কাভার্ডভ্যানকে ওভারটেক করার চেষ্টা করে। সে সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে সার্ভিস লেনে, সেখান থেকে পাশের পানি ভর্তি খাদে পড়ে যায়।

শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আহতদের হাসপাতাল ও নিহতদের লাশ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যতটুকু জানতে পেরেছি, বেপরোয়া গতির কারণ এই দুর্ঘটনাটি ঘটেছে।’