ইসরাইলের হুমকির বিষয়ে নষ্ট করার মতো সময় নেই: আনোয়ার ইব্রাহিম

ইসরাইলের হুমকির বিষয়ে নষ্ট করার মতো সময় নেই: আনোয়ার ইব্রাহিম

ফন্ট সাইজ:

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ইসরাইল সংশ্লিষ্ট নিরাপত্তাঝুঁকির বিষয়টি মোকাবিলায় তাঁর সরকার সময় নষ্ট করতে চায় না। দেশটির নাগরিকদের তথ্যের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত। বিশেষ করে ইসরাইল সংশ্লিষ্ট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত তথ্য ও মানুষের চলাচলের তথ্য ঝুঁকিতে পড়তে পারে— এমন আশঙ্কাকে গুরুত্ব দিচ্ছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সংবাদমাধ্যম মালয়েশিয়াকিনির প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল সংশ্লিষ্ট নেভিগেশন অ্যাপ ‘ওয়েজ’ ব্যবহারের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন আনোয়ার ইব্রাহিম। এর আগে ২০ অক্টোবর জাতীয় সাইবার নিরাপত্তা কমিটির বৈঠকে বিষয়টি পর্যালোচনা করা হয়।

সরকারিভাবে সরকারি কর্মীদের ওয়েজ ব্যবহার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং বিকল্প হিসেবে স্থানীয়ভাবে তৈরি ‘তুজু’ অ্যাপ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। আনোয়ার ইব্রাহিমের মতে, জাতীয় নিরাপত্তা ও নাগরিকদের ব্যক্তিগত তথ্য সুরক্ষার ক্ষেত্রে কোনো ধরনের ঝুঁকি উপেক্ষা করা সম্ভব নয়। তাঁর সরকার সাইবার নিরাপত্তা জোরদার এবং দেশের ডিজিটাল তথ্যের সার্বভৌমত্ব নিশ্চিত করতে কাজ করছে।

এ লক্ষ্যে সরকারি কর্মীদের জন্য ওয়েজ ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করার পাশাপাশি স্থানীয় প্রযুক্তি ও বিকল্প নেভিগেশন ব্যবস্থার ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে, ওয়েজের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে কি না, তা নিয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রয়েছে। তবে এ ধরনের পদক্ষেপের ক্ষেত্রে তথ্যের নিরাপত্তা, প্রযুক্তিগত নির্ভরতা এবং ব্যবহারকারীদের বাস্তব প্রয়োজনের বিষয়গুলোও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছে মালয়েশিয়াকিনি।