মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির শঙ্কা, পাঁচ মাসে সর্বোচ্চ দামে ব্রেন্ট ক্রুড

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির শঙ্কা, পাঁচ মাসে সর্বোচ্চ দামে ব্রেন্ট ক্রুড

ফন্ট সাইজ:

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম পাঁচ মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
সৌদি আরবে হুতিদের হামলার ঘটনায় তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
শুক্রবার গ্রিনিচ মান সময় ১১টা ৩৮ মিনিটে ব্রেন্ট ক্রুডের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১ ডলার ৪০ সেন্ট বা ১.২ শতাংশ বেড়ে ১১৪ ডলার ৫৭ সেন্টে পৌঁছেছে। এর আগে দাম বেড়ে ১১৫ ডলারে পৌঁছায়, যা গত ৪ মে-র পর সর্বোচ্চ।

একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ ডলার ৪৮ সেন্ট বা ১.৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ৯৫ সেন্টে পৌঁছায়।
সাপ্তাহিক হিসাবে ব্রেন্ট ক্রুডের দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বাড়তে যাচ্ছে। এ সপ্তাহে এর দাম প্রায় ৪.২ শতাংশ বাড়ার পথে রয়েছে। অন্যদিকে, ডব্লিউটিআইয়ের দাম সপ্তাহ শেষে ০.৫ শতাংশ কমতে পারে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার পারস্য উপসাগরীয় অঞ্চলে বাহরাইনের কাছাকাছি সৌদি আরবের ধাহরানে অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তর থেকে কর্মীদের সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল রপ্তানিকারক সৌদি আরব এবং ইয়েমেনভিত্তিক হুতিদের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এ পদক্ষেপ নেয়া হয়েছে।
ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় বাজারে উদ্বেগ রয়ে গেছে। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে নতুন করে তেল সরবরাহ ব্যাহত হতে পারে।
তার মতে, তেলের সরবরাহে অস্থিরতা এবং পণ্য পরিবহনের উচ্চ ভাড়া বাজারে সরবরাহের ঘাটতি আরও বাড়িয়ে দিয়েছে।

ইরানের ঘনিষ্ঠ মিত্র হুতিরা লোহিত সাগরের প্রবেশমুখে গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল-মান্দেবের দিকে অগ্রসর হওয়ার পর থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গে তাদের সংঘর্ষ চলছে।

গুরুত্বপূর্ণ এই নৌপথে অস্থিরতা বাড়লে আন্তর্জাতিক জ্বালানি পরিবহনে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
এক্সএস ডটকমের বিশ্লেষক লিন ট্রান বলেন, এখন নজর রাখতে হবে সরবরাহে বাস্তবে কতটা বিঘ্ন ঘটছে এবং স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনতে কত সময় লাগছে তার ওপর। শেষ পর্যন্ত এসব বিষয়ই নির্ধারণ করবে, সরবরাহের ঝুঁকি মোকাবিলায় বাজারে তেলের দামে কতটা বাড়তি মূল্য যোগ হবে।
তিনি আরও বলেন, হামলা অব্যাহত থাকলে এবং তেল সরবরাহে বিলম্ব ঘটলে উচ্চমূল্যের পেছনে আরও শক্ত ভিত্তি তৈরি হবে।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতের উম্ম আল-কুয়াইনের উপকূলে একটি তেলবাহী ট্যাংকার থেকে তেল ছড়িয়ে পড়ার ঘটনা শনাক্ত করা হয়েছে। শুক্রবার দেশটির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে, তেল ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে ব্যবস্থা নেয়া হয়েছে এবং পরিবেশগত ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানায়নি মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ট্যাংকারটির পরিচয়ও শনাক্ত করতে পারেনি।

অন্যদিকে, লিবিয়ায় হামাদা ও তাহারা তেলক্ষেত্র থেকে জাওইয়া বন্দরে তেল পরিবহনের একটি পাইপলাইনের ভালভ বন্ধ করে দেয়া হয়েছে। এতে উভয় তেলক্ষেত্রের উৎপাদন কমে গেছে বলে বৃহস্পতিবার রয়টার্সকে জানিয়েছেন দেশটির জাতীয় তেল করপোরেশনের প্রধান।
এদিকে, মস্কো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যে আকস্মিক সমঝোতার পর রাশিয়া থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাঠানো প্রথম চালানের ডিজেল একটি ট্যাংকারে করে নিউইয়র্কের দিকে যাচ্ছে। শুক্রবার জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী তথ্য-উপাত্তে এ তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রে আগামী মাসে মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ডিজেলের আকাশচুম্বী দাম কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে চলতি মাসে এ সমঝোতার ঘোষণা দেন ট্রাম্প।

বিশ্ববাজারে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব, সরবরাহে অনিশ্চয়তা এবং পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।