২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক বাংলাদেশ

ফন্ট সাইজ:

আগামী ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত বিশ্ব ক্রিকেটের মেগা ইভেন্টগুলোর পূর্ণাঙ্গ ক্যালেন্ডার চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুবাইয়ে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার বোর্ড মিটিং শেষে সদস্য দেশগুলোকে আনুষ্ঠানিক সূচি জানানো হয়। এই চক্রের সবচেয়ে বড় আকর্ষণ—২০৩১ সালের পুরুষ ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। ঘোষিত সূচিতে ২০২৭ থেকে ২০৩১ সালের মধ্যে ছেলেদের ১২টি, মেয়েদের ৭টি এবং অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ৫টি টুর্নামেন্টসহ মোট ২৪টি মেগা ইভেন্ট ও তার বাছাইপর্বের সময়সূচি নিশ্চিত করা হয়েছে।

আইসিসির নতুন সূচি অনুযায়ী, ২০২৮ সালে নারী ও পুরুষদের টানা দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত পাকিস্তানে বসবে ১২ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর মাত্র ১১ দিন পর, ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে মাঠে গড়াবে ২০ দলের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।

একই বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আয়োজিত হবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট ইভেন্টের বাছাইপর্ব। ১৯০৪ সালের পর অলিম্পিক মঞ্চে ফিরতে যাওয়া ক্রিকেটে নারী ও পুরুষ উভয় বিভাগে ৮টি করে দল অংশ নেবে। এছাড়া ২০২৯ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে, যার তারিখ নির্ধারিত হয়েছে ৮ থেকে ১২ জুন। অন্য দিকে ২০৩০ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়সূচিতে পরিবর্তন এনেছে আইসিসি। ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের যৌথ আয়োজনের এই টুর্নামেন্টটি জুনের পরিবর্তে জুলাই-আগস্টে অনুষ্ঠিত হবে।