হেবরনে ইসরাইলি সেনার গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

হেবরনে ইসরাইলি সেনার গুলিতে ২ ফিলিস্তিনি নিহত

ফন্ট সাইজ:

অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবৈধ বসতি টেলেমের কাছে একটি রিজার্ভ ব্যাটালিয়নের ওপর হামলার পর ইসরাইলি সেনাবাহিনী তাদের গুলি করে হত্যা করে। এ ঘটনায় কমপক্ষে ছয় ইসরাইলি সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা।

ইসরাইলি সূত্র জানায়, ফিলিস্তিনিরা ইসরাইলি লাইসেন্স প্লেটযুক্ত একটি গাড়ি চালিয়ে এসে হেবরনের একটি সামরিক চেকপোস্টের কাছে সেনাদের ওপর গুলি চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২০ মিনিট ধরে গোলাগুলি চলে। এর ফলে আহতদের সরিয়ে নেয়া কঠিন হয়ে পড়ে। সামরিক বাহিনী হেবরন থেকে আরও দুই ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে এবং পুরো শহর অবরুদ্ধ করে রেখেছে। এ ঘটনার পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার বেশ কিছু নির্বাচনী কর্মসূচি বাতিল করেছেন। অন্যদিকে কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির ফিলিস্তিনি কর্তৃপক্ষকে ভেঙে দিয়ে পশ্চিম তীরের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার আহ্বান জানান।

আগামী সপ্তাহে ইসরাইলের নির্বাচনের আগে পশ্চিম তীরজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বসতি স্থাপনকারী ও সেনাদের সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়েছে। বৃহস্পতিবার পশ্চিম তীরজুড়ে অভিযান চালিয়ে ৩৬ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরাইলি বাহিনী। জেনিন, নাবলুস, জেরুজালেম এবং হেবরনের বিভিন্ন এলাকায় এসব অভিযান চালানো হয়। এছাড়া জলপাই কাটার মৌসুমে ফিলিস্তিনি কৃষকদের ওপর ১৭টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন। কৃষকদের মারধর, ফসল ও সরঞ্জাম চুরি এবং জলপাই গাছে আগুন দেয়ার মতো ঘটনা ঘটছে।

বুধবার ফিলিস্তিনি কৃষকদের জলপাই কাটায় সহায়তা করার সময় মার্কিন ডেমোক্রেটিক কংগ্রেসনাল প্রার্থী ব্র্যাড ল্যান্ডারকেও কিছু সময়ের জন্য আটক করেছিল ইসরাইলি সামরিক বাহিনী।