বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতা আটক

ফন্ট সাইজ:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে চারজনকে থানায় নিয়ে যাওয়ার কথা জানিয়েছে পুলিশ। তারা চারজন নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা।
আটক ব্যক্তিরা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের ছাত্রলীগের সাবেক সহসম্পাদক ফেরদৌস খান, অমর একুশে হল শাখা ছাত্রলীগের সাবেক সহসভাপতি একরাম গাজী হৃদয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপসাধারণ সম্পাদক মো. হাবিবুল ইসলাম।
বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আটকরা নিজেদের ছাত্রলীগের পদে থাকার বিষয়টি ঘটনাস্থলে স্বীকার করেছেন।

ছাত্রদল নেতা নাসির উদ্দিন শাওন গণমাধ্যমকে বলেন, ‘আমরা চারজন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা–কর্মীকে অনশন থেকে পেয়েছি। পুলিশ এসে তাদের তুলে নিয়ে গেছে।’

নীলক্ষেত পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কামাল উদ্দিন বলেন, ঢাবির প্রক্টরিয়াল টিমের মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে যায়। চারজন নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা নিশ্চিত হওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য তাদের শাহবাগ থানায় নেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।