সৌদি প্রবাসীদের আকামার মেয়াদ বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শুক্রবার সকালে রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় নিহত শাহেদ আহম্মেদের মরদেহ গ্রহণ করে তিনি একথা বলেন।
মরদেহ হস্তান্তর শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, ‘গত ছয় মাসে মধ্যপ্রাচ্যের যুদ্ধে নিহত ১১ বাংলাদেশির মরদেহ দেশে আনা হয়েছে। বাকিদের ফিরিয়ে আনার কাজ চলছে। নিহত শাহেদ আহম্মদের পরিবারকে দ্রুত সরকারি অনুদান পৌঁছে দেয়া হবে।’
শিরশ্ছেদ হওয়া বাংলাদেশিদের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শামা ওবায়েদ জানান, সৌদি আরব রায়ের কপি দিলেই বিস্তারিত বলা যাবে।
প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবে কর্মরত প্রবাসীদের আকামার মেয়াদ বাড়াতে কাজ করছে সরকার।
এদিকে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জানায়, মরদেহ হস্তান্তরকালে নিহতের পরিবারকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর মধ্যে লাশ দাফন ও যাতায়াত বাবদ ৩৫ হাজার টাকা ও যুদ্ধে মর্মান্তিকভাবে প্রাণ হারানোর কারণে বিশেষ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা তুলে দেয়া হয়েছে।
এছাড়া, নিহতের নিয়োগকারী প্রতিষ্ঠান ‘সা’দ আল ঈসা কন্ট্রাক্টিং কোম্পানি’ হতে তার বকেয়া বেতন-ভাতাদি ও সার্ভিস বেনিফিট বাবদ ২৭ হাজার ৩৯৫ দশমিক ৬২ সৌদি রিয়াল (বাংলাদেশি টাকায় প্রায় ৯ লক্ষ টাকা) রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের অ্যাকাউন্টে জমা হয়েছে। এই অর্থ অতি শীঘ্রই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে নিহতের পরিবারের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে।
নিহত কর্মীর বিএমইটি কার্ড বা বৈধতার পরিচয়পত্র থাকা সাপেক্ষে পরবর্তীতে আরও ৩ লাখ টাকা পেতে পারেন। পাশাপাশি, বীমা কাভারেজের থাকা সাপেক্ষে তার পরিবার আরও ১০ লাখ টাকার আর্থিক সুবিধা পেতে পারেন।
এর আগে, গত ১০ অক্টোবর রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত হামলায় নিহত হন বাংলাদেশি কর্মী মো. শাহেদ আহম্মেদ। তিনি বগুড়ার শাহজাহানপুরের রফিকুল ইসলামের ছেলে।
২২ অক্টোবর রিয়াদ সময় রাত ১১টা ১০ মিনিটে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহটি নিয়ে ইউএস বাংলার একটি ফ্লাইট (নম্বর BS ৩৬২) রওনা হয়। পরে ফ্লাইটটি ২৩ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ৮টা ৩৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
উল্লেখ্য, সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১২ জনের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছেন। তাদের একজন সৌদি প্রবাসী শাহেদ।
