রূপগঞ্জে ট্রাক অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফন্ট সাইজ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশাচালকসহ আরও তিনজন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রূপগঞ্জের মৈকুলী এলাকার বাসিন্দা শাহনাজ বেগম (৫৫) ও একই এলাকার জসিম উদ্দিনের ছেলে রিফাত হোসেন হোসেন (২০)। ভূলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মৈকুলী এলাকা থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রূপসীর দিকে যাচ্ছিল।

এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা ছিটকে পড়েন এবং যানটি দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের পর ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত হন আরও তিনজন। দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে খবর পেয়ে ভূলতা হাইওয়ে পুলিশ দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।