ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল সকাল ৭টার দিকে উপজেলার মাওহা ইউনিয়নের পালুহাটি বাজারসংলগ্ন নেত্রকোণা- গৌরীপুর-ঈশ্বরগঞ্জ সড়কে এ মিছিল অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও ছড়িয়ে পড়া ভিডিও’র তথ্য অনুযায়ী, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা এবং ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিনের নামসংবলিত ব্যানারে মিছিলটি বের করা হয়। এতে নেতৃত্ব দেন- গৌরীপুর উপজেলা ছাত্রলীগ নেতা জাহিদ হাসান রাফি।
মিছিলে ছাত্রলীগের আরও কয়েকজন নেতাকর্মীকে দেখা যায়। তাদের মধ্যে অনন্ত মোল্লা, সিফাত খান পাঠানেরও নাম জানা গেছে। মিছিল-পরবর্তী বক্তব্যে নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া রায় ও দায়ের করা মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানানো হয়। এ বিষয়ে গৌরীপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, এর আগেও প্রায় ছয় মাস আগে এই সড়কে একটি মিছিল হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুরনো নাকি নতুন, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভিডিওতে কুয়াশার কারণে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার চেষ্টা চলছে।
