সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং চালক ও পথচারীদের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বানের মধ্যদিয়ে সাভারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জনসচেতনতামূলক রোড শো, লিফলেট ও স্টিকার বিতরণ এবং প্ল্যাকার্ড প্রদর্শন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বৃহস্পতিবার সকালে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। রোড শোটি সাভারে বিআরটিএর সাব-অফিসের সামনে থেকে শুরু হয়ে গেন্ডা বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বক্তব্য দেন বিআরটিএ ঢাকা জেলা সার্কেলের উপ-পরিচালক (ইঞ্জিনিয়ার) মোবারক হোসেন। এ সময় নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার শাখার প্রতিনিধি, সাভার হাইওয়ে থানার পরিদর্শকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে শুধু আইনপ্রয়োগ নয়, চালক, যাত্রী ও পথচারী সবার মধ্যে দায়িত্বশীল আচরণ ও সচেতনতা গড়ে তোলা জরুরি। ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, ঝুঁঁকিপূর্ণভাবে গাড়ি চালানো থেকে বিরত থাকা এবং রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বনের মাধ্যমে দুর্ঘটনার ঝুঁকি কমানো সম্ভব। নিরাপদ সড়ক নিশ্চিত করতে পরিবহন সংশ্লিষ্ট সবার পাশাপাশি সাধারণ মানুষেরও সচেতন ভূমিকা রাখতে হবে।
সংশ্লিষ্টরা মনে করেন, নিয়মিত জনসচেতনতামূলক প্রচার, ট্রাফিক আইন বাস্তবায়ন এবং সড়কে চালক ও পথচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা গেলে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। নিরাপদ সড়ক গড়ে তুলতে এক দিনের কর্মসূচির পাশাপাশি সারা বছর সচেতনতা ও আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তারা।
রোড শো চলাকালে সড়ক নিরাপত্তাবিষয়ক বিভিন্ন বার্তা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। এসব প্রচারের মাধ্যমে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
