সাতটি ইসলামী দল নিয়ে গঠন করা হয়েছে ‘সমমনা ইসলামী জোট’। গতকাল সকালে রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলুম মাদ্রাসায় দলগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে জোটের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। বৈঠক শেষে এসব তথ্য জানান বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন। দল সাতটি হচ্ছে— বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট (রাজী), বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন।
বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন গণমাধ্যমকে বলেন, হেফাজতে ইসলামের সহযোগিতায় আমরা সাতটি দল সমমনা ইসলামী দলসমূহের ব্যানারে একত্রিত হয়েছি। আমাদের জোটের পূর্ণাঙ্গ রূপরেখা হওয়া পর্যন্ত হেফাজতের নেতৃত্ব আমাদের সহযোগিতা করবে।
জোটবদ্ধ দলগুলোর মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ও নেজামে ইসলাম পার্টি (ইজহার) বর্তমানে জামায়াত নেতৃত্বাধীন জোট ১১ দলীয় ঐক্যের শরিক। দল দু’টি জামায়াত জোটেও সক্রিয় থাকবে।
আর জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপি’র সঙ্গে থাকবে, পাশাপাশি সমমনা ব্যানারেও সঙ্গী হবে।
তিনি আরও বলেন, আমরা রাজনৈতিকভাবে ওই জোটগুলোতে থাকবো। আর সামগ্রিক পরিস্থিতি, ইসলামবিরোধী তৎপরতা নিয়ে আমরা এই জোট থেকে থাকবো। স্থানীয় নির্বাচনেও সমমনা দলসমূহের ব্যানারেও সক্রিয় থাকতে পারি।
বৈঠকে সাতটি দলের প্রতিটির তিনজন করে সদস্য নিয়ে ২১ জনের একটি লিয়াজোঁ কমিটি গঠিত হয়েছে।
বৈঠকে অংশ নেয়া অন্যরা হলেন— জমিয়তের সহ-সভাপতি জুনায়েদ আল হাবীব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব গাজী আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন জাকারিয়া, খেলাফত মজলিসের নায়েবে আমীর সাখাওয়াত হোসেন ও আহমদ আলী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুজিবুর রহমান এবং ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আব্দুল কাদির ও মহাসচিব সাখাওয়াত হোসেন রাজীসহ অন্যরা। বৈঠকে হেফাজতের নায়েবে আমীর আবদুল আউয়াল ও আইয়ুব বাবুনগরী উপস্থিত ছিলেন।
