সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর তীর কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই বালু শ্রমিককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে নদীর ইজারাবিহীন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করার পর এ দণ্ড দেয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলো, মো. বাশির (৩৭) ও মো. মোসাদ্দের (৪২)।
জানা যায়, বৃহস্পতিবার দুপুরে যাদুকাটা নদীর লাউড়েরগড় সংলগ্ন ইজারাবিহীন এলাকায় নদীর তীর কেটে বালু উত্তোলন করছিল বাশির ও মোসাদ্দের। এ সময় পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএমএসআর আলিফ। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন তিনি। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপা মনি দেবী বিষয়টি নিশ্চিত করে বলেন, যাদুকাটা নদীর তীর রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
