গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলার একই পরিবারের তিনজনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। তবে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় রয়েছেন তাদের মেয়ে। নিহতরা হলেন- লাল চান মিয়া (৬০) ও তার স্ত্রী নাসিমা খাতুন (৫০) এবং তাদের ১৬ বছর বয়সী মেয়ে তানিশা আক্তার হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। তারা ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের কুড়িপাড়া গ্রামের বাসিন্দা।
নিহতদের স্বজনদের বরাতে জানা যায়, টঙ্গীর চেরাগ আলী মুদাফা মাস্টারপাড়া এলাকার ফখরুল ইসলামের বাড়ির নিচতলায় ভাড়া থাকতেন গার্মেন্টসকর্মী লাল চান ও তার পরিবার। গত বুধবার ভোরে পরিবারের সদস্যরা ঘুমন্ত অবস্থায় থাকাকালে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে আগুনে দগ্ধ হন একই পরিবারের তিনজন। এসময় আহতদের চিৎকারে প্রতিবেশীরা এসে দ্রুত তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, বিস্ফোরণে তাদের শরীরের ৮৫ থেকে ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকায় দুইজনের মৃত্যু হয়। তানিশা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
