ময়মনসিংহের গৌরীপুরে দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সঞ্জীব চৌহান (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার পৌর শহরের মাস্টারবাড়ি এলাকার ঝলক পূজামণ্ডপের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সঞ্জীব ওই এলাকার শ্যামলাল চৌহানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিমা নিয়ে মণ্ডপ থেকে বের হওয়ার সময় বিদ্যুতের তার সরাতে গিয়ে ছেঁড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সঞ্জীব। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. ফেরদৌস আল মামুন তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। ঝলক পূজা মন্দির কমিটির সভাপতি অজিত চৌহান অভিযোগ করেন, পূজামণ্ডপের আলোকসজ্জার দায়িত্বে থাকা ব্যক্তিদের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে গৌরীপুর ওসি হাবিবুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারও পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
প্রতিমা বিসর্জনের প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
২৩ অক্টোবর (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
