গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নে অনুমোদনহীন তিনটি কয়লা তৈরির কারখানায় ১৪টি চুল্লি বসিয়ে কাঠ পুড়িয়ে কয়লা উৎপাদনের অভিযোগ উঠেছে। এতে চরম বায়ুদূষণ ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের পাঁচ গড়গড়িয়া গ্রামে গড়ে উঠেছে কারখানাগুলো। এর মধ্যে ওই গ্রামের শাহিন ও মেহেরুলের কারখানায় ৭টি চুল্লি, ফেলু মিয়ার কারখানায় ৩টি এবং রিপন ও তার বাবার পরিচালিত কারখানায় ৪টি চুল্লি রয়েছে। অভিযোগ রয়েছে, দিনরাত এসব চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে।
চুল্লি থেকে নির্গত ঘন কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ছে। শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যঝুঁকিতে পড়েছেন আশপাশের বাসিন্দারা। ফসলি জমি ও গাছপালাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্থানীয়দের দাবি, কারখানাগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রসহ কোনো বৈধ কাগজপত্র নেই।
প্রশাসনের নজরদারি না থাকায় অবাধে বনের কাঠ ও বিভিন্ন গাছ কেটে চুল্লিতে পোড়ানো হচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
