মুকসুদপুরে পাঁচ বাড়িতে চুরি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

ফন্ট সাইজ:

গোপালগঞ্জের মুকসুদপুরে একই গ্রামের পাঁচটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার দুয়ারীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে একটি চোরচক্র গ্রামের ইমরান শেখ, ইব্রাহিম শেখ, লালন ফকির, মিরাজ ফকির ও জাফর মুন্সির বাড়িতে হানা দেয়। এ সময় চোরেরা ঘরের দরজা, গেট ও জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও বিভিন্ন মালামাল নিয়ে যায়। ভুক্তভোগী ইমরান শেখ জানান, জমি ক্রয়ের জন্য ঘরে রাখা ২ লাখ ৯০ হাজার টাকা এবং সাড়ে তিন ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। এ ছাড়া, তার ছোট ভাই ইব্রাহিম শেখের ঘর থেকে ৪ ভরি স্বর্ণালংকার ও ২ লাখ ৩০ হাজার টাকা চুরি হয়েছে বলে তিনি জানান।

ইব্রাহিম শেখ বলেন, তাদের দুই ভাইয়ের ঘরের দরজা, গেট ও জানালা ভেঙে নগদ টাকা, কাপড়সহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে চোরেরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ছাড়া একই গ্রামের লালন ফকির, মিরাজ ফকির ও জাফর মুন্সির বাড়িতেও একই কায়দায় চুরি হয়েছে। এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।