জামালপুরের দেওয়ানগঞ্জে সীমান্তবর্তী এলাকায় একটি প্রাইভেটকার থেকে ২১৫ বোতল ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে জামালপুর-৩৫ বিজিবি। বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-রৌমারী মহাসড়কের মধ্যেরচর এলাকা থেকে এসব মদ জব্দ করা হয়। এ সময় মাদক বহনকারী প্রাইভেটকার চালক ও মাদকের ক্রেতাকে আটক করা হয়। আটককৃতরা হলো- প্রাইভেটকার চালক আলাল মিয়া (৪৫) ও রিপন সাহা (৪৩)। আটক আলাল মিয়া গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার পূর্ব চন্দ্রা বোটমিল এলাকার আব্বাস আলীর ছেলে ও রিপন সাহা টাঙ্গাইল সদরের কলেজপাড়া এলাকার রামচন্দ্র সাহার ছেলে। জানা গেছে, বুধবার দিবাগত রাতে রৌমারী থেকে একটি প্রাইভেটকারে মাদকের চালান গাজীপুরে নিয়ে যাওয়া হবে। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জামালপুর-৩৫ বিজিবি’র ঝাওডাঙ্গা বিওপি’র বিজিবি’র সদস্যরা রৌমারী-ঢাকা সড়কের মধ্যেরচর এলাকায় অবস্থান নেন।
পরে বৃহস্পতিবার ভোর রাতে প্রাইভেটকারটি বিজিবি’র চেকপোস্ট অতিক্রম করার সময় বিজিবি গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির পর প্রাইভেটকারে থাকা ২১৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। মাদকের চালানটি ঢাকায় নেয়ার কথা ছিল। বৃহস্পতিবার দুপুরে প্রাইভেটকার সহ মাদক ও আটককৃতদের দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া ভারতীয় মদের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৩৬ হাজার ৩শ’ টাকা। জামালপুর-৩৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্তে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
