পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পৃথক দু’টি অভিযানে ৪টি ওয়ান শুটারগান, ১৩ রাউন্ড গুলিসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বিকালে পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— সদর উপজেলার চরঘোষপুর গ্রামের আনসার শেখের ছেলে আলাল শেখ (৫২), আমিনপুর থানার ভাটিকয়া গ্রামের হাশেম কাজীর ছেলে জনি কাজী (২৮), ঢালারচর রামনারায়ণপুর গ্রামের মৃত ঝরু মণ্ডলের ছেলে জলিল মণ্ডল (২৮) ও মিরপুর গ্রামের জসিম মণ্ডলের ছেলে বাবলু মণ্ডল (২৬)। গ্রেপ্তারকৃতরা সবাই অস্ত্র ব্যবসায়ী ও তাদের বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে বলে দাবি পুলিশের। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান ইবনে মিজান জানান, বুধবার দিবাগত রাতে পাবনা সদর উপজেলার চরঘোষপুর এলাকায় অভিযান চালিয়ে আলাল সেখ ও জনি কাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় ২টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ১টি বিদেশি রিভলবার, ১০ রাউন্ড গুলি, অস্ত্র বিক্রির নগদ ৩০ হাজার টাকা।
অন্যদিকে বৃহস্পতিবার সকালে আমিনপুর থানার ঢালারচর ইউনিয়নের রামনারায়ণপুর ও সুজানগর থানাধীন নাজিরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে জলিল মণ্ডল ও বাবলু মণ্ডলকে গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা হয় ২টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড তাজা কার্তুজ। পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর ও আমিনপুর থানায় পৃথক অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
