কানাইঘাটে অটোরিকশাচালক শাহাব হত্যায় মামলা, গ্রেপ্তার ৫

ফন্ট সাইজ:

সিলেটের কানাইঘাটের সিএনজি অটোরিকশাচালক শাহাবউদ্দিন হত্যা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই এনাম উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত আসামি লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের মৃত সোনাফর আলীর ছেলে সুজন আলী ও তার ৪ ছেলে জাকারিয়া, ইয়াহিয়া, শাহরিয়া এবং কিবরিয়াকে বুধবার বিকালে আটক করা হয়। পরবর্তীতে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম।

তিনি জানান, গাড়ির সিরিয়াল নিয়ে পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই মামলায় আটক ৫ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে নিহত শাহাবউদ্দিন লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। এরপর আশঙ্কাজনকভাবে তাকে উদ্ধার করে প্রথমে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শাহাবউদ্দিন সোনাতনপুঞ্জি গ্রামের মৃত মতরিস আলীর ছেলে।