মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, দেশীয় অস্ত্রসহ ইয়াসিন সরদার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় এক রাউন্ড গুলি, ২০০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়। গ্রেপ্তার ইয়াসিন সরদার খাসকান্দি এলাকার বাসিন্দা। তিনি আলকেস সরদার ও রোকসানা বেগমের ছেলে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের খাসকান্দি গ্রামে ইয়াসিন সরদারের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়। জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা গোয়েন্দা শাখার এসআই রাশেদ মুন্সীর নেতৃত্বে এসআই সৈয়দ হাসিব আহম্মেদসহ ডিবি’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালায়। পুলিশ জানায়, অভিযানে ইয়াসিন সরদারের দখল থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, কাঠের বাঁটযুক্ত একটি একনলা বন্দুক, একটি তাজা কার্তুজ, একটি ধারালো রামদা ও দু’টি ধারালো চাকু উদ্ধার করা হয়।
এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় পৃথক এজাহার দায়ের করা হয়েছে। নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম নিশ্চিত করেছেন। জেলা গোয়েন্দা পুলিশের এসআই রাশেদ মুন্সী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাসকান্দি এলাকায় অভিযান চালিয়ে ইয়াসিন সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার দখল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে আগে পাঁচটি মামলা রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
