সিলেট শহরতলীর ফড়িংউড়ায় ডাকাতি

ফন্ট সাইজ:

সিলেট শহরতলীর ফড়িংউড়া এলাকায় ডাকাতি হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ডাকাতরা দেলোয়ারের পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর করে নগদ ৩ লাখ ২০ হাজার টাকা ও সাড়ে ৬ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। ডাকাতদের মারধরে পরিবারের সদস্যরা আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার ওয়েসিস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় খালেদ আহমদ জানান, ডাকাতির ঘটনায় পরিবারের সবাই আহত হয়েছেন। দেলোয়ার আহমদ খাদিমনগর এলাকার একজন পরিচিত সালিশ ব্যক্তিত্ব। এ কারণে পঞ্চায়েতের আমানত হিসেবে তার কাছে আড়াই লাখ টাকা রাখা ছিল। আগামী শনিবার একটি বিচারের ঘটনায় ওই টাকা দেয়ার কথা ছিল। ডাকাতরা লুট করা টাকার মধ্যে পঞ্চায়েতের আমানত হিসেবে রাখা ওই আড়াই লাখ টাকাও নিয়ে গেছে বলে তিনি জানান। সিলেটের এয়ারপোর্ট থানার ওসি সহিদুর রহমান বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে দেলোয়ার আহমদ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেছে। ঘটনার তদন্ত চলছে।