মায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই মারা গেলেন বড় ছেলে। বুধবার রাতে দিনাজপুরের ফুলবাড়ীর বারোকোণা গ্রামে এ ঘটনা ঘটে। মায়ের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে ছেলের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। বৃহস্পতিবার সকাল ১১টায় বারোকোণা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মা ও ছেলের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাদের পাশাপাশি দাফন করা হয়।
মারা যাওয়া মা ও ছেলে হলেন- ফুলবাড়ী উপজেলার জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক সৈয়দ আবুল মাহমুদ (চাঁদ)’র স্ত্রী সৈয়দা মাজেদা খাতুন (৭৫) এবং তার বড় ছেলে সৈয়দ মেজবাউর রশিদ সুমন (৫৫)। পরিবারের সদস্যরা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারোকোণা গ্রামে নিজ বাসভবনে মারা যান মাজেদা। মৃত্যুর পর শোকে কাতর হয়ে অসুস্থ হয়ে পড়েন ছেলে। পরে তাকে রাত ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে মা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে বারোকোণা এলাকাসহ ফুলবাড়ীতে শোকের ছায়া নেমে এসেছে।
