ফেনীতে আবারো প্রকাশ্যে শোডাউন করেছে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন ছাত্রলীগ। সকালে ফেনী পৌর শহরের কালিপাল এলাকায় মিছিল করে ১৫ থেকে ২০ জনের গ্রুপ। এ ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হলে পুলিশ অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ফেনী পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন- ছাত্রলীগের সক্রিয় সদস্য বেলাল হোসেন (৩০), মো. হাসান ইশান (১৯), কাজী রশিদ আহম্মেদ রাব্বী (৩০), জহিরুল ইসলাম রিফাত (১৯), এনায়েত হোসেন শাহরিয়ার (২০), মো. হাসান (১৯), মো. ইব্রাহিম (২১), শাহাদাত হোসেন (১৯), ইমাম হোসেন (১৭), মো. ইমাম হোসেন (১৯), মো. এমরান হোসেন (১৭), রাকিবুল ইসলাম (২০), মো. আশরাফুল ইসলাম (১৭), মো. জিহাদ (১৭), তারেক হোসেন (২২) ও শাহাদাত হোসেন (১৯)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৫টা ৫০ মিনিটের মধ্যে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের কালিপালের দশমীঘাট সংলগ্ন ফেনী-লালপোলগামী পাকা রাস্তার উপর শেখ হাসিনার আগমন শুভেচ্ছা স্বাগতম, প্রত্যাবর্তন-২ লোডিং মিছিল বের করে। ফেনী-১ আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম ও ফেনী সদর উপজেলার সাবেক চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের পৃষ্ঠপোষকতায় অর্থায়ন ও নির্দেশে পলাতক বেলাল হোসেন, মো. হাসান ইশান, কাজী রশিদ আহম্মেদ রাব্বী, জহিরুল ইসলাম রিফাতের নেতৃত্বে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের প্রস্তুতি ও কার্যক্রমের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনা, জননিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা ও মাদকদ্রব্য-সংক্রান্ত অপরাধের অভিযোগ রয়েছে। ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা বিঘ্নিত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
